জুয়া নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, রুল জারি হাইকোর্টের

ফাইল ছবি
জুয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ রবিবার এ-সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রুলে জাতীয় ও আন্তর্জাতিক প্রধান ক্রীড়া অনুষ্ঠান এবং বছরের বিভিন্ন দিবস উদযাপনের সময় রাতে লাউডস্পিকার ও আতশবাজি ব্যবহারের মাধ্যমে তীব্র শব্দদূষণ, জনউপদ্রব সৃষ্টি এবং প্রতিদ্বন্দ্বী সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে সহিংস সংঘর্ষ প্রতিরোধে সরকারের নিষ্ক্রিয়তাকেও কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের আট আইনজীবীর করা রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন।
আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।




