হাইকোর্ট
ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়

সংগৃহীত ছবি
রাজধানীর রাস্তায় ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এতে হাইকোর্ট জানতে চেয়েছেন ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না।
ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামানের করা রিটে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটির প্রশাসকসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান।
দীর্ঘদিন ধরে রাজধানীর ফুটপাতে হকারদের দখল নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন সাধারণ পথচারীরা। হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬-এ নির্দিষ্ট কিছু জায়গায় হকারদের স্থান বরাদ্দের বিধান রাখা হয়।
তবে এ নীতিমালার বিরুদ্ধে বিভিন্ন মহলে সমালোচনা বাড়ছিল। এবার সেই নীতিমালার বৈধতা প্রশ্নে হাইকোর্টের এ রুল নগরবাসীর মধ্যে নতুন আগ্রহের সৃষ্টি করেছে।




