আগামীর সময়

ছুটি শেষে আগের রূপে ফিরছে ঢাকা

ছুটি শেষে আগের রূপে ফিরছে ঢাকা

সংগৃহীত ছবি

ঈদের ৭ দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলেছে বাংলাদেশের সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করছেন।

গত ২১ মার্চ (শনিবার) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। পবিত্র এই উৎসব নির্বিঘ্নে পালনের জন্য গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাতদিন দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার।

ছুটি শেষে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকেই অফিসে আসতে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা।

ঈদের দীর্ঘ ছুটির পর সরকারি-বেসরকারি অফিসে ফিরেছে প্রাণচাঞ্চল্য। কেউ কেউ গ্রাম থেকে সরাসরি অফিসে এসে যোগ দিয়েছেন। তাদের হাতে রয়েছে ব্যাগপত্র। অফিসের স্বাভাবিক কার্যক্রমও শুরু হয়েছে পুরোদমে। অনেকের ভাষ্য, আজ মূলত অফিস খোলার আনুষ্ঠানিকতা ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাতের দিন হিসেবে কাটছে।

ছুটি শেষে সবাই আবার ঢাকামুখী। ফলে বিভিন্ন সড়কে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি বেশ বেড়েছে। কর্মচঞ্চল হচ্ছে রাজধানী। ফিরতে শুরু করেছে সেই আগের রূপে।

    শেয়ার করুন: