অফার নিয়ে হট্টগোলের পর চালু লাইভ শপিং

রাজধানীর পল্লবীতে ‘লাইভ শপিং’-এ হট্টগোলের পর গতকাল শনিবার সকাল থেকেই খোলা রয়েছে আউটলেটটি। গত শুক্রবার বিকালে লাইফস্টাইল পণ্যের আউটলেট উদ্বোধনের দিন ‘ফ্রি শপিং’ অফারকে কেন্দ্র করে হট্টগোল, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। তবে ঘটনাটি নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ‘মব’ তৈরির অভিযোগ করা হলেও ক্রেতাদের দাবি, ফ্রি শপিংয়ের প্রচারণার মাধ্যমে তাদের বিভ্রান্ত করা হয়েছে। এ নিয়ে বিক্রয়কেন্দ্রটিতে তৈরি হয় উত্তেজনা। পরে খবর েপয়ে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে নেয় পরিস্থিতি। এ ঘটনায় ওই দিনের জন্য আউটলেটটি বন্ধ থাকলেও শনিবার সকালে ফের চালু করা হয়। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ক্রেতারা ভোগান্তিতে পড়ায় দুঃখপ্রকাশ করে অফারটির মেয়াদ আরও সাত দিন বাড়ানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার পল্লবীর আউটলেটে বড় অফার দিয়ে পণ্য বিক্রি হচ্ছিল। অফারে শর্ত প্রযোজ্যের বিষয়ে ছোট করে ‘সিএ’ লেখা ছিল, যা গ্রাহকদের চোখ এড়িয়ে যায়। পরে কেনাকাটা করতে আউটলেটে ভিড় করেন গ্রাহকরা। বিক্রেতারা শর্ত প্রযোজ্যের বিষয়ে জানালে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং বিক্রেতাদের ওপর চড়াও হন। অফার দিয়ে শর্ত প্রযোজ্যের কথা বলে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে শোরুমটি বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে আউটলেটে লুটপাট চালানো হয়েছে বলে নিজেদের ফেসবুক পেজে অভিযোগ করে লাইভ শপিং। তাদের দাবি, কিছু ব্যক্তি আউটলেট থেকে নানা পণ্য লুট করেছে।
লাইভ শপিংয়ের হেড অব কমিউনিকেশন নাফিসা তাবাসসুম জানিয়েছেন, শুক্রবারের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আউটলেটটি বন্ধ রাখা হয়েছিল। শনিবার সকালেই খোলা হয় এবং সকাল থেকেই ক্রেতারা আউটলেটে আসতে শুরু করেন। এ ছাড়া শুক্রবারের অফারের মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে।
পল্লবী থানার ওসি হাসান বাসির বলেছেন, এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। হাতাহাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্তত দেড় থেকে দুই হাজার মানুষকে বের করে তালা লাগিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সেখানে কোনো লুটপাটের ঘটনা ঘটেনি।



