দারুসসালামে ‘বাবার নির্যাতনে’ আহত শিশু মারা গেছে

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর দারুসসালামের গৈদ্দারটেক এলাকায় পারিবারিক কলহের জেরে বাবার নির্যাতনে আহত দুই মাস বয়সী এক কন্যাসন্তান মারা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার দুপুরে শিশুটি মারা যায়। তার নাম সাবিহা।
এর আগে গত ২২ সেপ্টেম্বর সকালে ভাড়া বাসায় দাম্পত্য কলহের জেরে শিশুটিকে গলায় টিপে ও মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যান তার বাবা হৃদয় খান। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, শিশুটির লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শিশুর মা লাবনী আক্তার জান্নাতি জানান, এক বিরিয়ানি দোকানে কর্মরত হৃদয়ের সঙ্গে দেড় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তার বিয়ে হয়। হৃদয়ের আগের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল। বিয়ের পর তারা একটি কন্যাসন্তানই চেয়েছিলেন এবং সেটিই হয়েছিল। তবে প্রায়ই হৃদয় মেয়েকে মেরে ফেলার হুমকি দিতেন। মাঝে মধ্যে সবকিছু ভুলে যেতেন, যা তার মানসিকভাবে অসুস্থ থাকার ইঙ্গিত।
তিনি জানান, ঘটনার দিন সকালে পরিবারের সবাই এক সঙ্গেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে শিশুটিকে মারধর ও গলা টিপে জখম করে বাসায় থাকা পাঁচশত টাকা নিয়ে পালিয়ে যান হৃদয়। শিশুটির গলা ও গালে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর থেকেই অভিযুক্ত হৃদয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।
মাদারীপুর জেলার শিবচর উপজেলার বহেরাতলা গ্রামের বাসিন্দা হৃদয় খান পরিবার নিয়ে মিরপুরের মাজার রোড এলাকার গৈদ্দারটেকে ভাড়া বাসায় থাকতেন।





