মিরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির কারখানায় জরিমানা

সংগৃহীত ছবি
ঢাকার মিরপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে একটি নামবিহীন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
আজ বৃহস্পতিবার মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সহায়তা করে এপিবিএন-১১।
তদন্তে জানা গেছে, প্রতিষ্ঠানটি কোনো ধরনের মান সনদ বা লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে রসগোল্লা ও সন্দেশসহ বিভিন্ন মিষ্টি তৈরি করে আসছিল। পরে এই মিষ্টিগুলো বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, নেভি মুসলিম সুইটস, রসের হাড়ি এবং কালশীর মোড় এলাকার নামিদামি বিভিন্ন দোকানে সরবরাহ করা হতো। নামি ব্র্যান্ডের দোকান থেকে মিষ্টি কেনা হলেও সাধারণ ক্রেতারা সেগুলোর পেছনের অস্বাস্থ্যকর উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞ থাকেন, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে সেই অর্থ আদায় করা হয়। পাশাপাশি বৈধ লাইসেন্স ও মান সনদ গ্রহণ না করা পর্যন্ত উৎপাদন বন্ধ রেখে কেবল অনুমোদিত প্রক্রিয়া অনুসরণের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





