হাদি হত্যার সুষ্ঠু বিচার চেয়ে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ

সংগৃহীত ছবি
শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং শহীদ ওসমান হাদির স্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এই কর্মসূচিতে অংশ নেন।
ফাতিমা তাসনিম জুমা নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
জুমা লেখেন, ‘জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী।’
অবস্থান কর্মসূচি চলাকালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘নিরাপত্তা বিঘ্ন হতে পারে এই বিবেচনায় আমরা অল্প কয়েকজন মানুষ এসেছি। আমরা চাইলে আরো মানুষ আনতে পারতাম। প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত শহীদ ওসমান হাদির স্ত্রীকে নিয়ে আমরা অপেক্ষা করছি। বিচারের পরিপূর্ণ আশ্বাস না পেলে আমরা অবস্থান কর্মসূচি ছেড়ে যাব না।’
প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদি গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে দুর্বৃত্তের হামলায় আহত হন। মাথায় গুলিবিদ্ধ হাদিকে উন্নত চিকিৎসার জন্য তিন দিন পর নেওয়া হয়েছিল সিঙ্গাপুরে। তবে চিকিৎসকদের সব প্রয়াস ব্যর্থ করে গত ১৮ ডিসেম্বর ওসমান হাদির জীবনাবসান ঘটে।

