আগামীর সময়

রাজধানীতে বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট

রাজধানীতে বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও নির্বাচনের পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বিক্ষোভ মিছিল করবেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করার পর এ কর্মসূচি ঘোষণা করেন ১১ দলীয় জোটের নেতারা।

দুপুর ১২টার দিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে নির্বাচন কমিশনে ওই বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনের পর ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে এবং এ বিষয়ে তারা কমিশনকে জানিয়েছেন।

আযাদ জানান, এসব হামলার প্রতিবাদে সোমবার ঢাকার বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করবে ১১ দলীয় জোট।

তিনি বলেন, আমরা যারা একসাথে নির্বাচন করেছি, তাদের পক্ষ থেকে বারবার কমিশনকেও বলা হয়েছে, স্থানীয়ভাবেও বলা হয়েছে। কিন্তু আমরা এর কোনো সন্তোষজনক পদক্ষেপ দেখতে পাইনি।

তিনি আরও বলেন, রেজাল্ট শিটেও দেখা গেছে, ঘষামাজা, কাটাছিঁড়া, ওভাররাইটিং এবং অনেক জায়গায় অরিজিনাল এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়নি।

    শেয়ার করুন: