পূজা শেষে ফের রাত ৮টায় বন্ধের সূচিতে রাজধানীর দোকানপাট

কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ফাইল ছবি: ফোকাস বাংলা
রাজধানীর বিপণিবিতান, মার্কেট ও দোকানপাটগুলো আবারও রাত ৮টায় বন্ধ হওয়ার সূচিতে ফিরে যাচ্ছে। দুর্গাপূজার পর ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার থেকে রাত ৮টার পরে বন্ধ রাখতে হবে দোকানপাট।
দুর্গাপূজা উপলক্ষে গত ৫ অক্টোবর জারি করা নোটিসে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব স্থাপনা খোলা রাখার সিদ্ধান্ত জানায় সরকার।
নতুন সময়সূচি কার্যকর করতে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
চিঠিতে বলা হয়, ‘আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১ থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। ২৩ অক্টোবর থেকে পূর্বের সময়সূচি (সকাল ১১.০০ হতে রাত ৮.০০ টা পর্যন্ত) বহাল থাকবে।’
বৃহস্পতিবার সেই সময়সূচির মেয়াদ শেষ হয়েছে। ফলে আগের সময়সূচি কার্যকর হয়েছে।
সে অনুযায়ী রাজধানীর বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট শুক্রবার থেকে বেলা ১১টায় খুলে রাত ৮টায় বন্ধ হবে।
বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনার অংশ হিসেবে চলতি বছর কয়েক দফায় দোকানপাট খোলার সময় পরিবর্তন করেছে সরকার।
গত ১২ অগাস্ট বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় রাত ৯টা থেকে কমিয়ে রাত ৮টা করে সরকার। তখন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার সময় নির্ধারণ করা হয়।
ওই সিদ্ধান্তে মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে বলা হয়। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।
এর আগে জুনে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় রাত ৯টা পর্যন্ত করা হয়েছিল। তখন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়।
চলতি বছর জ্বালানি সংকটের মধ্যে দোকানপাট খোলা রাখার সময় কয়েক দফা পরিবর্তন করেছে সরকার। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির পর জ্বালানি সংকট দেখা দিলে এপ্রিলের শুরুতে শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত হয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবিতে তা সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ানো হয়।
কোরবানির ঈদ সামনে রেখে মে মাসেও সময়সূচিতে সাময়িক ছাড় দেওয়া হয়েছিল। ১২ মে থেকে ঈদের আগ পর্যন্ত বিপণিবিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। পরে জুনে তা রাত ৯টা এবং অগাস্টে রাত ৮টায় নামিয়ে আনা হয়।
রাত ৮টার মধ্যে দোকান বন্ধের নিয়ম বাংলাদেশে নতুন নয়। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১১৪ ধারায় সাধারণভাবে রাত ৮টার পর দোকান খোলা না রাখার বিধান রয়েছে। তবে রাত ৮টার সময় কোনো ক্রেতা দোকানে থাকলে তাকে আরও আধা ঘণ্টা কেনাকাটার সুযোগ দেওয়ার বিধানও রয়েছে।
২০২২ সালে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগের অংশ হিসেবে সরকার এই বিধান কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছিল।



