সাড়ে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারে আগুন, কাজ করছে ১০ ইউনিট

আগুন লাগার শুরুর দিকের ছবি- সংগৃহীত
সাড়ে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার চকবাজারে মুনসুর খান প্লাজার আগুন। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট একযোগে কাজ করছে। আজ সোমবার বিকাল ৫টা ২মিনিটে চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশের ‘মুনসুর খান প্লাজা’ নামের বহুতল ভবনের ছয়তলায় অবস্থিত একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।
রাত সাড়ে ৯টা পর্যন্ত আগুন নিভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে বিকাল ৫টা ৪মিনিটে নিকটস্থ ফায়ার স্টেশন থেকে গাড়িগুলো টার্ন আউট করে। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার হওয়ায় ট্রাফিক ও সরু গলি পেরিয়ে বিকাল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত নির্বাপণ কাজ শুরু করে। পর্যায়ক্রমে বর্তমানে সদর দপ্তর (হেডকোয়ার্টার্স) ও লালবাগ ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, পুরান ঢাকার ওই ঘিঞ্জি এলাকায় তাৎক্ষণিক পানির কোনো প্রাকৃতিক বা স্থায়ী উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের চরম বেগ পেতে হচ্ছে। দূর থেকে হোসপাইপ টেনে এবং পানিবাহী গাড়ির মাধ্যমে আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, পানির উৎস না থাকার কারণে পর্যাপ্ত ব্যবস্থা হিসেবে ১০ ইউনিট আনা হয়েছে। তবে আগুন নিভাতে কাজ করছে ৭টি ইউনিট। এখানে সবই গোডাউন। শাটার বন্ধ থাকায় এগুলো কেটে আগুন নিয়ন্ত্রণ করতে হচ্ছে। তাই সময় লাগছে।
তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ভবনের ভেতরে কেউ আটকে পড়েছেন কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা সম্ভব হয়নি।




