ইসমাইল হত্যাকাণ্ড নিয়ে পুলিশ
টাকা দেখে ফেলেছিলেন বাসের সুপারভাইজার, তারপরই খুনের পরিকল্পনা

ছবি: আগামীর সময়
মেয়ের বিয়ের জন্য বাড়ির জমি বিক্রি করে ৫ লাখ টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল হোসেন। যে বাসে তিনি উঠেছিলেন, সেই বাসের সুপারভাইজার দেখে ফেলেন সেই টাকা। তারপর বাসচালকসহ তিন পরিবহনকর্মী মিলে এই অর্থ লুটের জন্যই ইসমাইলকে হত্যা করেন।
এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের পর আজ রবিবার সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
গ্রেপ্তার তিনজন হলেন রাজ ক্লাসিক পরিবহনের চালক সোহেল রানা (৪১), বাসটির সুপারভাইজার সাজু ওরফে লিমন (২৬) এবং হেলপার মো. মনির হোসেন (১৯)।
রাজ ক্লাসিক পরিবহনের একটি বাসেই ইসমাইল গত বৃহস্পতিবার বিকালে জামালপুর থেকে গাজীপুরে রওনা হয়েছিলেন। রাত ১১টার পর তার ফোন বন্ধ পেয়ে স্বজনরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরদিন শুক্রবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় ইসমাইলের লাশ পাওয়া যায়।
ইসমাইলের (৪৯) বাড়ি জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামে। তবে তিনি এক সময় গাজীপুরের ডেল্টা স্পিনিং মিলে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। সে কারণে গাজীপুরের কাশিমপুরে বাসা নিয়ে স্ত্রী আসমা বেগম, দুই সন্তানকে নিয়ে থাকতেন। তবে কিছু দিন আগে চাকরি ছাড়ার পর তিনি একাই জামালপুরে ফিরে গিয়েছিলেন।
স্বজনরা জানিয়েছে, মেয়ের বিয়ের দিন-তারিখ চূড়ান্ত করতে জামালপুর থেকে গাজীপুরে আসছিলেন ইসমাইল। সঙ্গে ছিল জমি বিক্রির প্রায় পাঁচ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা ফারুক বলেন, বাসের ভাড়া নেওয়ার সময় ইসমাইলের কাছে থাকা টাকা দেখে ফেলেছিলেন ‘রাজ ক্লাসিক’ বাসের সুপারভাইজার সাজু। সেই টাকা হাতিয়ে নিতে চালক ও হেলপারের সঙ্গে করেন পরিকল্পনা। পরে ইসমাইলকে শ্বাসরোধ হত্যা করে টাকা লুটের পর মরদেহ ফেলে দেওয়া হয় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে।
ইসমাইলের ছেলে মো. হাসান এর আগে জানিয়েছিলেন, বাস থেকে নামার পর বাবাকে নিতে তিনি ভোরে গাজীপুরের জিরানী বাজারে দাঁড়িয়েছিলেন। কিন্তু বাবার ফোন বন্ধ পাচ্ছিলেন।
ইসমাইলের নামার কথা ছিল জিরানীতে। তাহলে কেন তিনি সেখানে নামলেন না- সেই প্রশ্নে পুলিশ কর্মকর্তা ফারুক বলেন, পরিকল্পনা আঁটার পর ইসমাইলকে আসামিরা ঘুমিয়ে যেতে বলেছিলেন বাসের সুপারভাইজার। বলেছিলেন, নির্ধারিত স্থানে পৌঁছলে তাকে ঘুম থেকে তুলে দেওয়া হবে। ইসমাইল ঘুমিয়ে গেলে বাসের অন্যযাত্রীদের গাজীপুরের বিভিন্ন স্থানে নামিয়ে দেওয়া হয়। ইসমাইলকে নামানো হয়নি। তাকে নিয়ে বাসটি ঢাকার দিকে আসতে থাকে।
এক পর্যায়ে সুপারভাইজার এবং হেলপার মিলে ইসমাইলের মুখ এবং হাত স্কচটেপ দিয়ে বেঁধে ফেলেন এবং গলায় গামছা পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করেন বলে পুলিশের দাবি।
পুলিশ কর্মকর্তা ফারুক বলেন, ইসমাইলের মৃত্যু নিশ্চিত করে তারা এয়ারপোর্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বনানীতে আসেন। সেখান থেকে ইউটার্ন নিয়ে উল্টো পথে ফের এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় ইসমাইলের মরদেহ ফেলে রেখে যান।
বাসটি কীভাবে শনাক্ত করা হলো- এই প্রশ্নের উত্তরে সংবাদ সম্মেলনে বলা হয়, ইসমাইল নিখোঁজ হওয়ার খবর জানার পর এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বনানী থানা পুলিশ। এক পর্যায়ে রাজ ক্লাসিক নামে একটি বাসের গতিবিধি সন্দেহজনক মনে হয়।
তখন বাসটির সুপারভাইজার সাজু এবং হেলপার মনিরকে গ্রেপ্তার করা হয়। এরপর গ্রেপ্তার করা হয় চালক সোহেল রানাকে।
পুলিশ কর্মকর্তা ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনজন।
গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে বলেছেন, জামালপুরের দিকপাই বাসস্ট্যান্ড থেকে ইসমাইল উঠেছিলেন বাসে। এক পর্যায়ে সাজু ভাড়া নেওয়ার সময় ইসমাইলের কাছে থাকা টাকা দেখে ফেলেন। বিষয়টি তিনি বাসচালককে জানান। পরে বাসচালক ইসমাইলের কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন।
ইসমাইলের কাছে ৫ লাখ টাকা থাকলেও গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে পুরো টাকা নেওয়ার কথা স্বীকার করেননি বলে জানান ফারুক হোসেন। তারা পুলিশকে বলেছেন, আড়াই লাখ টাকার মতো তারা নিয়েছেন।
ইসমাইল হত্যাকাণ্ডের ঘটনায় বনানী থানায় মামলা করেছেন তার ছেলে হাসান। সেই মামলায় তিন পরিবহনকর্মীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।





