শাহজালালে স্বর্ণ-সিগারেটসহ প্রায় ৩ কোটি টাকার পণ্য জব্দ

সংগৃহীত ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে স্বর্ণ, মোবাইল ফোন, সিগারেটসহ প্রায় ৩ কোটি টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গত কয়েক দিন অভিযান চালিয়ে চোরাচালানকালে এসব পণ্য জব্দ করা হয়। ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়। গতকাল শুক্রবার (২১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইআইডি।
সিআইআইডি সূত্র জানায়, ২১ আগস্ট দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড৫০১ ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করা হয়। তার কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল ফোন, ১৬১ কার্টন মন্ড সিগারেট, হোয়াইটেনিং সিরাম এবং দুটি ল্যাপটপ জব্দ করা হয়।
একই দিনে এমিরেটসের ইকে৫৮২ ও কাতার এয়ারওয়েজের কিউআর৬৪০ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে ২০ আগস্ট এ-শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা ইকে৫৮২, বিএস৩৪২ ও জিএফ২৫০ ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, ১ হাজার ৭৪০ পিস নিষিদ্ধ ক্রিম, ২৯ কেজির বেশি নান প্রো নিউট্রিশন মিল্ক পাউডার এবং ১১৬ পিস ক্রিমজাতীয় ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।
একই দিন বি-শিফটের অভিযানে বিএস৩৪৬, বিএস৩১৬ ও ইকে৫৮৬ ফ্লাইটসহ বিভিন্ন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮টি ভ্যাপ, ১০টি রেডমি মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম ও চার লিটার বিদেশি মদসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৮০ লাখ ৮৭ হাজার টাকা।
১৮ আগস্ট কলম্বো থেকে ঢাকায় আসা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ইউএল১৮৯ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন, রেডমি মোবাইল ফোন এবং ২ হাজার ৪৮২ পিস বিদেশি ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবচেয়ে বড় চালানটি ধরা পড়ে ১৭ আগস্ট। দুবাই থেকে আসা এমিরেটসের ইকে৫৮৪ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেন শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা। পরে পরীক্ষায় ওই পেস্ট থেকে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়। একই অভিযানে আট কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম ও ১৪ কার্টন মন্ড সিগারেটও জব্দ করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।
সিআইআইডির হিসাব অনুযায়ী, ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত পৃথক এসব অভিযানে জব্দ করা পণ্যের শুল্ক-করসহ ও আনুমানিক মোট মূল্য ২ কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৬৪০ টাকা, যা প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা।






