যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ১

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ইমরান (৪০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন মো. জাকারিয়া (৩৩) নামে আরও একজন। মঙ্গলবার রাত ১২টা ৭ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমরানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় ইমরানকে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় গুলি লাগে বলে জানা গেছে।
এর আগে আহত অবস্থায় মো. জাকারিয়াকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। জাকারিয়া হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় জানান, উত্তর ধলপুরে ছয় থেকে সাতজন হেলমেট পরিহিত সন্ত্রাসী এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় ‘ইমরান, দৌড় দিবি না’ বলে গুলি চালায় তারা। এ সময় সন্ত্রাসীদের একটি গুলি এসে তার পায়ে লাগে।
জাকারিয়া আরও জানান, হামলাকারীরা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল নিয়ে চলে যায়।
আহত জাকারিয়ার বাবার নাম সফর আলী। তিনি উত্তর ধলপুরের ৫৪/এ নম্বর এলাকার বাসিন্দা।
ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, হাসপাতালের মর্গে রাখা হয়েছে নিহতের মরদেহ।






