রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় তিন তলার ছাদ থেকে নিচে পড়ে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির নাম মোছা. নুসরাত জাহান জাহালিকা (৯)। সে মোহাম্মদপুরের হামিম মডেল স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত।
নুসরাতের বড় বোন প্রীতি আক্তার জানান, দুপুরে চাঁদ উদ্যানের ভাড়া বাসার পাশের ভবনের তিন তলার ছাদে খেলছিল। এক ছাদ থেকে আরেক ছাদে যাওয়ার সময় নিচে পড়ে যায় নুসরাত।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকাল তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দেউলা গ্রামের ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবসায়ী মো. সজিবের মেয়ে নুসরাত।



