আগামীর সময়

‘৫ কোটি টাকা বহনে বাধা নেই’ এমন কথা বলিনি: ইসি সচিব

‘৫ কোটি টাকা বহনে বাধা নেই’ এমন কথা বলিনি: ইসি সচিব

সংগৃহীত ছবি

‘৫০ লক্ষ নয়, পাঁচ কোটি টাকা বহন করলেও কোনো অসুবিধা নেই’— এমন বক্তব্য দেননি বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ বুধবার সন্ধ্যায় নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই ধরনের অপতথ্য ছড়ানো অত্যন্ত দুঃখজনক।


কত টাকা নেওয়া যাবে, কত টাকা নিতে পারবেন বা নেওয়া যাবে না— এ বিষয়ে বলার এখতিয়ার তার নেই বলেও দাবি করেন ইসি সচিব। তিনি বলেন, ‘এটা বলার এখতিয়ার, অধিকার বা ক্ষমতা আমার নেই এবং আমি এটা বলিনি। কোনো একটা অর্থের বিষয়ে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল। আমি বলেছি, যারা এটা ইন্টারসেপ্ট করেছে তারা এ ব্যাপারে অর্থের সোর্স, অ্যামাউন্ট এবং পারপাস অব দি ফান্ড এটার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন।’

এক্ষেত্রে আইনি ব্যাখার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘যারা এটা ইন্টারসেপ্ট করেছেন তারা দেবেন আইনি ব্যাখ্যা, আমার কাছে তো না।’

এর আগে বুধবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের কাছ থেকে ৭৪ লাখ টাকা জব্দ করে পুলিশ। এ ঘটনার পর নির্বাচনী আইনে টাকা বহনের বিষয়ে কী বলা আছে— এ নিয়ে আখতার আহমেদের বরাত দিয়ে একটি বক্তব্য প্রচার করে কয়েকটি গণমাধ্যম। যেখানে দাবি করা হয়, টাকার উৎস এবং ব্যবহারের খাত যদি বৈধ হয়, তবে ৫০ লক্ষ নয়, এমনকি পাঁচ কোটি টাকা বহন করলেও কোনো আইনি বাধা নেই।

    শেয়ার করুন: