জুলাই সনদ অক্ষরে-অক্ষরে প্রতিপালন করব: সালাহউদ্দিন

সংগৃহীত ছবি
সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নিলেও জুলাই সনদ অক্ষরে অক্ষরে প্রতিপালন করার প্রতিশ্রুতি দিল দলটি।
কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর সাংবাদিকদের এই প্রতিশ্রুতির কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শপথ গ্রহণের পর দুপুর সাড়ে ১২টায় সংসদ ভবনে হয় বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠক। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে সাক্ষর করা হয়েছে, সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকারাবদ্ধ ও প্রতিশ্রুতবদ্ধ... জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে, সেই প্রত্যাশা পূরণে দল প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই সনদে যেসব অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সরকার গঠনের পর থেকেই কার্যকর উদ্যোগ নেয়া হবে।’
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘গণভোটের রায় অনুসারে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে আগে সংসদে যেতে হবে। সংসদে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধন করতে হবে... সংশোধনের পর তৃতীয় তফসিলে শপথের ফরম সংযুক্ত করার বিষয়টি সংসদ নির্ধারণ করবে’।
বিদ্যমান সংবিধান অনুযায়ী, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোর এখতিয়ার সিইসির নেই বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। সিইসি তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পাঠ করানোর জন্য ‘অ্যাপ্রোচ’ করেননি বলেও জানান তিনি।
নবনির্বাচিত এই এমপি বলেন, ‘সাংবিধানিকভাবে সমস্ত কিছু পরিচালিত হওয়া দরকার। আমরা এই পর্যন্ত যা এসেছি, সাংবিধানিক পদ্ধতি মেনেই এসেছি। আগামীতেও আমরা সাংবিধানিকভাবে এ রাষ্ট্রটাকে পরিচালনা করব।’
বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, বৈঠকে তারেক রহমান দলের সংসদ সদস্যদের জন্য দুটি অনুশাসন দিয়েছেন। সেগুলো হলো, শুল্কমুক্ত গাড়িসুবিধা ও সরকারি প্লট নেবেন না কোনো সংসদ সদস্য।

