ডা. জাহেদ
পুলিশের আত্মবিশ্বাস ফিরে পেতে সময় লাগবে

প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত
একেবারে ধ্বংসপ্রাপ্ত ও মনোবল হারানো পুলিশ বাহিনী নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি বলেছেন, পুলিশের আগের মতো আত্মবিশ্বাস ফিরে পেতে সময় লাগবে। সেই প্রেক্ষাপটে তিনি বর্তমান পরিস্থিতিকে খারাপ বলে মন্তব্য করেছেন।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
পুলিশের সঙ্গে কথা বলে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানা গেছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেছেন, ‘একেবারে ধ্বংসপ্রাপ্ত, মনোবল শেষ হওয়া পুলিশ নিয়ে আমরা কাজ করছি। পুলিশের আগের মতো কনফিডেন্স ফিরে আসতে সময় লাগবে। সেই প্রেক্ষাপটে আমি বলব, পরিস্থিতি খারাপ।’
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘ওই সময়ে দেড় থেকে দুইশ মাজার ভেঙে ফেলা হয়েছে এবং মব হয়েছে। বর্তমান সময়ে এক-দুটি নৌকাবাইচ বা অনুষ্ঠান নিয়ে সমস্যা ও সমালোচনা হয়েছে।’
জাহেদ উর রহমান দাবি করেন, তথ্য-উপাত্ত দিয়ে তিনি দেখাতে পারবেন যে বর্তমান সময়ে যাত্রা, নাটক ও মেলা আয়োজন করা সম্ভব হচ্ছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আড়াইশ বছরের পুরনো একটি মেলাও বসতে পারেনি। এমনকি তিনজন অভিনেত্রী শোরুম উদ্বোধন করতে পারেননি।
‘ঘোষণা দিয়ে দুটি পত্রিকা অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তুচ্ছ বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় বসে থাকার ঘটনাও ঘটেছে।’
সে সময় বাংলাদেশে কোনো রাষ্ট্র ‘অস্তিত্বশীল’ ছিল কি না, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
হত্যা, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলার তথ্য তুলে ধরে জাহেদ উর রহমান বলেছেন, ‘ডেটা অনুযায়ী হত্যাকাণ্ডের মামলা অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে কিছুটা বাড়লেও চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা কমেছে।’
ধীরে ধীরে এ সমস্যার সমাধান হবে, আশা প্রকাশ করেন তিনি।
পুলিশ বাহিনীর বর্তমান পরিস্থিতির বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আমরা কোন পুলিশ বাহিনী নিয়ে কাজ করছি, সেটা একটু খেয়াল রাখবেন।’
পুলিশের বিতর্কিত কর্মকাণ্ড প্রসঙ্গে তার ভাষ্য, পুলিশকে যা করতে বলা হয়, তাই করতে হবে এমন ধারণা ঠিক নয়। প্রজাতন্ত্রের কোনো কর্মচারী বেআইনি কাজ করতে বাধ্য নন।
উদাহরণ দিয়ে তিনি বলেন, পুলিশের আইজি যদি কাউকে কাউকে নিয়ে গিয়ে ক্রসফায়ার বা হত্যা করতে বলেছেন, পরে ওই ঘটনায় বিচার হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্য শুধু ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশের কথা বলে দায় এড়াতে পারবেন না। বেআইনি কাজ করলে সেটি অপরাধ হিসেবেই বিবেচিত হবে।
এ সময় সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, পুলিশ আইনসম্মত কোনো কাজ করলে নাগরিকদের তা করতে দিতে হবে।
রাস্তার উল্টো দিকে গাড়ি বা রিকশা চালালে পুলিশ বাধা দিতে পারে। কিন্তু এখনও কেউ কেউ পুলিশকে পাল্টা হুমকি দেওয়ার চেষ্টা করেন। নাগরিকদের এমন আচরণ না করার আহ্বান জানান জাহেদ উর রহমান।




