আইওএমের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

দায়িত্ব নেওয়ার পর নতুন মিশন প্রধানের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটিই প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক। ছবি : সংগৃহীত
মানবপাচার প্রতিরোধ, আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নবনিযুক্ত আইওএমের মিশন প্রধান ড. লরা টম-বন্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন মন্ত্রী।
দায়িত্ব নেওয়ার পর নতুন মিশন প্রধানের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটিই প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক।
বৈঠকে বাংলাদেশ ও আইওএমের দুই দশকের দীর্ঘ অংশীদারিত্বকে শক্তিশালী করার পাশাপাশি জাতীয় মানবপাচারবিরোধী কার্যক্রম, প্রযুক্তিনির্ভর মানবপাচার রোধ এবং নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আইওএম মিশন প্রধানকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধ প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংস্থাটিকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।
সাক্ষাৎকালে দুই পক্ষই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের যৌথ উদ্যোগে প্রণীত সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা কৌশলের জাতীয় বৈধকরণ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করে।
একই সঙ্গে পুলিশের বিশেষ শাখাসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া, নীতি প্রণয়ন, প্রশিক্ষণ, গবেষণা ও আন্তর্জাতিক তহবিল সংগ্রহে আইওএমের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে আইওএমের বাংলাদেশ প্রধান জানান, সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল উগোচি ড্যানিয়েল আগামী ১ থেকে ৫ আগস্ট বাংলাদেশ সফর করবেন। সফর উপলক্ষে ৪ আগস্ট ঢাকার ইউএন হাউসে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং আইওএমের ন্যাশনাল কনসালটেন্ট ড. এস এম মোরশেদসহ উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





