দেশের অনলাইন ক্যাসিনো বিদেশ থেকে নিয়ন্ত্রণ

গ্রাফিকস: আগামীর সময়
দেশে বসে অনলাইন ক্যাসিনো (জুয়া) খেললেও কারবারটি নিয়ন্ত্রণ করা হচ্ছিল বিদেশ থেকে। এমন চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন— সৈয়দ জামান (২৭) এবং রুহুল কুদ্দুস ওরফে বাপ্পী (২৮)। গত বুধবার রাতে রাজশাহী ও ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, চক্রের সদস্যরা প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রচার করে। পরে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য খেলা ও অনলাইন ক্যাসিনোকে কেন্দ্র করে টাকার বিনিময়ে বেটিং পরিচালনা করতে নিয়োগ দেয় এজেন্ট। তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাব সংগ্রহ করে সেগুলো বেটিং সাইটে ব্যবহার করে আসছিল। জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে নিয়োগপ্রাপ্ত এজেন্টরা তাদের কমিশন কেটে রাখার পর বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচার করে আসছিল বলে তথ্য পায় সিআইডি। অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে ব্যবহৃত এজেন্ট নম্বরের সূত্র ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে।






