আগামীর সময়

কঠোর নিরাপত্তায় এমপিদের বরণে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন

কঠোর নিরাপত্তায় এমপিদের বরণে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন

ফাইল ছবি

গণ-অভ্যুত্থানের দেড় বছর পর নতুন সরকার পেতে যাচ্ছে দেশ। আগামীকাল মঙ্গলবার নবনির্বাচিত এমপিদের বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে জাতীয় সংসদ ভবনও। মন্ত্রীসভা ও সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে সেখানে।

সংশ্লিষ্টরা জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এরপর সংসদ ভবনের নবম তলায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল হিসেবে বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন শপথ নেওয়া সদস্যরা। পরে সংসদীয় দলের নেতা রাষ্ট্রপতির কাছে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা লাভের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। রাষ্ট্রপতি তখন তাকে নিয়মানুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেবেন এবং নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানাবেন।

এরপর মঙ্গলবার বিকেল চারটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ হবে। নিয়মানুযায়ী, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার শপথ পড়াবেন।

সরেজমিনে দেখা গেছে, আজ সোমবার সকাল থেকে সংসদ ভবন এলাকা ঘুরে দুই শপথ অনুষ্ঠানের প্রস্তুতির নানা আয়োজন দেখা গেছে। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকায় ভেতরে প্রবেশের অনুমতি মেলেনি কারোরই। পুরো সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সবগুলো প্রবেশ গেটে ব্যারিকেড দেওয়া হয়েছে। মূল প্রবেশ গেটটি বন্ধ রয়েছে। ফটকে দায়িত্ব পালন করছেন আনসার ও পুলিশ সদস্যরা।

    শেয়ার করুন: