আগামীর সময়

ছুটিতেও বাসভবনে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

ছুটিতেও বাসভবনে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে গতকাল মঙ্গলবার (১৭ মার্চ)। ঈদের ছুটিতেও গুলশানে নিজের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিভিন্ন সিটি করপোরেশনের কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী।

আজ বুধবার (১৮ মার্চ) এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

গুলশান এভিনিউর বাসভবন থেকে সরকারি জরুরি কাজ সারছেন। পাশাপাশি দেশে কোথায় কী হচ্ছে তা খোঁজখবরও রাখছেন প্রধানমন্ত্রী—জানালেন আতিকুর রহমান।

অতিরিক্ত প্রেস সচিব বলছিলেন, সারাদেশে খাল খনন কর্মসূচির অগ্রগতি যাচাই করছেন। কাজের গতি, সময়মতো সম্পন্ন হচ্ছে কিনা এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলেও তদারকি করছেন প্রধানমন্ত্রী।

এর আগে গতকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন। কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকেও অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার।

    শেয়ার করুন: