এআইয়ের যুগে ব্যবসার রূপান্তর, নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে বৈশ্বিক সম্মেলন

বাংলাদেশ সময় শুক্রবার রাতে শুরু হওয়া ভার্চুয়াল এ সম্মেলন শেষ হয় রবিবার রাতে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের সময়ে এন্টারপ্রাইজগুলোর এআইকেন্দ্রিক রূপান্তর, প্রস্তুতি, প্রশিক্ষণ, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ও সাইবার নিরাপত্তা নিয়ে তিন দিনব্যাপী ‘এআইফোরবিটি গ্লোবাল সামিট’ শেষ হয়েছে।
বাংলাদেশ সময় শুক্রবার রাতে শুরু হওয়া ভার্চুয়াল এ সম্মেলন শেষ হয় রবিবার রাতে। এআই, ইআরপি, ব্যাংকিং, লাইফ কোচিংসহ বিভিন্ন খাতের দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও পেশাজীবীরা এতে অংশ নেন।
সম্মেলনের প্রথম দুই দিনে এআইভিত্তিক ব্যবসায়িক রূপান্তর, এন্টারপ্রাইজের শীর্ষ কর্মকর্তাদের প্রস্তুতি, প্রশিক্ষণ, কৌশল এবং ইআরপির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। তৃতীয় দিনে আলোচনার কেন্দ্রে ছিল সাইবার নিরাপত্তা, ডেটা গভর্ন্যান্স, এআই প্রস্তুতি ও উৎপাদনশীলতা।
সমাপনী দিনে সাইবার নিরাপত্তা ও ডেটা গভর্ন্যান্স বিষয়ে কীনোট উপস্থাপন করেন যুক্তরাজ্যের অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি ও এআই গভর্ন্যান্স চেয়ার ড. শরীফুল ইসলাম। এন্টারপ্রাইজ এআইয়ের জন্য বিশ্বস্ত ডেটার ভিত্তি তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
এরপর ট্রান্সফরমেশন লিডার ড. আরিফ আজাদ, পিএমপি কঠোরভাবে নিয়ন্ত্রিত এন্টারপ্রাইজ খাতে প্রকৌশলগত ঝুঁকি নিয়ন্ত্রণ, প্রটোকল অনুসরণ এবং এআই ব্যবহারের বিভিন্ন কাঠামো নিয়ে আলোচনা করেন।
‘হিউম্যান এআই রেডিনেস’ বিষয়ে কীনোট উপস্থাপন করেন এআইফোরবিটি গ্লোবালের রেসপনসিবল এআই অ্যাডভাইজার ফ্র্যাঙ্ক লিবার এবং এআইচালিত রূপান্তর ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ টিনা লিবার। এআইভিত্তিক রূপান্তরের সময়ে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও কর্মীদের প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন তারা।
সম্মেলনের তৃতীয় দিনেও অনুষ্ঠিত হয় গোলটেবিল আলোচনা। এতে ব্যবসায়িক কর্মকাণ্ডে এআই ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। আলোচনায় অংশ নেন মোহাম্মদ নুর ই আলম, মোহাম্মদ জামান, হাদি ভূঁইয়া, মেহেদি হাসান রানা, ফারুক আজম আরশাদ, খান ফারহানা, আরিফ হোসেন ও প্রাইম ব্যাংক পিএলসির এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুসন এম এম মাহবুব হাসান। আলোচনাটি সঞ্চালনা করেন এআই ট্রান্সফরমেশন কোচ ও এআইফোরবিটি গ্লোবালের সহপ্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান এবং এআই ট্রেইনার ও বিজনেস স্ট্র্যাটেজিস্ট ইমদাদুল ইসলাম।
পরে স্বয়ংক্রিয় এআই এজেন্ট ব্যবহার করে ক্যাশফ্লোর পূর্বাভাসসহ বিভিন্ন কাজ সম্পাদনের একটি হাতে-কলমে প্রদর্শনী করেন মেটামরফোসিস লিমিটেডের সিইও মোহাম্মদ রুকনুজ্জামান। এরপর ওরাকল ইআরপিতে এআইয়ের ব্যবহার ও রূপান্তর নিয়ে আলোচনা করেন এন্টারপ্রাইজ ওরাকল ইআরপি ও এআই স্ট্র্যাটেজিস্ট মোহাম্মদ আবদুল আউয়াল মিয়া।
সমাপনী দিনের শেষ পর্বে স্ট্র্যাটেজি কীনোট উপস্থাপন করেন এন্টারপ্রাইজ অ্যাজাইল কোচ ও স্কেলড অ্যাজাইল প্রোগ্রাম কনসালট্যান্ট (এসপিসি) উবেদা সাউদা। বড় পরিসরে অ্যাজাইল রূপান্তরের পদ্ধতি, বাস্তবায়নের বাধা এবং কৌশলগত এআই রোডম্যাপ বাস্তবায়নে টিম গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
সমাপনী পর্বে ৯০ দিনের এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন ব্লুপ্রিন্ট উন্মোচন, ডেলিগেট মাস্টারক্লাস সার্টিফিকেশন এবং সামিট-পরবর্তী অ্যাডভাইজরি অংশীদারত্বের ঘোষণা দেওয়া হয়।
সমাপনী বক্তব্য দেন এআই ট্রান্সফরমেশন কোচ ও এআইফোরবিটি গ্লোবালের সহপ্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান এবং বিজনেস এআই ট্রান্সফরমেশন এক্সপার্ট ও ইআরপি কনসালট্যান্ট সাদিক মোহাম্মদ আলম।



