বিউটি
ফেস মিস্টের সতেজতায়

গ্রাফিকস: আগামীর সময়
শুধু মুখে পানি ছিটানো নয়; সঠিক ফেস মিস্ট ত্বকে তাৎক্ষণিক স্বস্তি দেয়, মেকআপ সতেজ রাখে, আবার স্কিনকেয়ার রুটিনেও হতে পারে কার্যকর একটি ধাপ। লিখেছেন ফারিয়া আলম
গরমে হাঁটতে হাঁটতে হঠাৎ মুখে ক্লান্তি জেঁকে বসে? অফিসের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে কয়েক ঘণ্টা কাটানোর পর ত্বকে অস্বস্তিকর টানটান অনুভূত হয়? দীর্ঘ ভ্রমণ শেষে আয়নায় তাকালে মনে হয়, মুখের সব উজ্জ্বলতা কোথায় যেন হারিয়ে গেছে? এমন সময়ে ব্যাগ থেকে ছোট্ট একটি বোতল বের করে মুখে দু-তিনবার স্প্রে করতেই যেন ত্বক একটু প্রাণ ফিরে পায়। এই সমাধানের নামই ফেস মিস্ট।
একসময় ফেস মিস্টকে অনেকেই বিলাসী প্রসাধনী মনে করতেন। এখন এটি ত্বকযত্নের নিয়মিত অংশ। তবে সব ফেস মিস্ট একরকম নয়। কোনোটি শুধু সতেজতা দেয়, কোনোটি আর্দ্রতা ধরে রাখে, আবার কোনোটি ত্বককে শান্ত করতে সাহায্য করে।
পরিচয় সন্ধান
ফেস মিস্ট হলো হালকা তরলভিত্তিক একটি ত্বকযত্নের পণ্য, যা সূক্ষ্ম কণায় ত্বকের ওপর ছড়িয়ে পড়ে। এতে সাধারণত পানি, হিউমেকট্যান্ট (যেমন— গ্লিসারিন), অ্যালোভেরা, গোলাপজল, হায়ালুরোনিক অ্যাসিড, প্যানথেনল কিংবা বিভিন্ন উদ্ভিজ্জ নির্যাস থাকতে পারে। এটি টোনারের বিকল্প নয়, আবার শুধু পানি স্প্রে করাও নয়।
একসময় ফেস মিস্টকে অনেকেই বিলাসী প্রসাধনী মনে করতেন। এখন এটি ত্বকযত্নের নিয়মিত অংশ
শুধু গরমেই নয়
অনেকের ধারণা, শুধু গরম আবহাওয়াতেই ফেস মিস্ট দরকার। বাস্তবে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, বিমানে দীর্ঘ ভ্রমণ, রোদে বের হওয়া কিংবা দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকার পরও ত্বক আর্দ্রতা হারাতে পারে। সেসব সময়ে ফেস মিস্ট ত্বকে আরাম দেয়।
ত্বকভেদে
শুষ্ক ত্বকের জন্য হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন বা সেরামাইডসমৃদ্ধ মিস্ট ভালো। তৈলাক্ত ত্বকে ব্যবহার করতে পারেন নিয়াসিনামাইড, গ্রিন টি বা হালকা উদ্ভিজ্জ নির্যাসযুক্ত মিস্ট। অন্যদিকে সংবেদনশীল ত্বকের জন্য অ্যালোভেরা, ক্যামোমাইল বা প্যানথেনলসমৃদ্ধ অ্যালকোহলমুক্ত ফেস মিস্ট বেছে নেওয়াই মঙ্গল।
সতর্কতা
শুধু বারবার স্প্রে করলেই ত্বকের শুষ্কতা দূর হয় না। আবার ফেস মিস্ট ব্যবহার করে ত্বককে বাতাসে শুকিয়ে ফেলবেন না। হালকা ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার প্রয়োগ করলে আর্দ্রতা দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে।
ঘরে তৈরি
গোলাপজল বা বিশুদ্ধ অ্যালোভেরাভিত্তিক সহজ ফেস মিস্ট ঘরে তৈরি করা সম্ভব। তবে এটি অবশ্যই পরিষ্কার বোতলে রাখতে এবং দ্রুত ব্যবহার করতে হবে। সংরক্ষণে অবহেলা করলে জীবাণু জন্মাতে পারে।
কখন ব্যবহার করবেন
- মুখ পরিষ্কার করার পর, ময়েশ্চারাইজারের আগে
- দিনের যেকোনো সময় সতেজ অনুভূতির জন্য
- মেকআপের আগে ত্বক প্রস্তুত করতে
- মেকআপের পরে স্বাভাবিক, ডিউই ফিনিশ আনতে
- রোদ থেকে ফিরে ত্বককে ঠান্ডা অনুভূতি দিতে



