শিরীন শারমিনকে কলকাতায় দেখা গেছে এমন দাবি সত্য নয়, ভিডিওটি পুরনো

ছবিঃ আগামীর সময়
দ্বাদশ সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে পদত্যাগের পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এমন প্রেক্ষাপটে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি স্বাধীনতা দিবসে কলকাতায় তাকে দেখা গেছে বলে দাবি করা হয়।
তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি কলকাতার নয় এবং সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের মে মাসে ঢাকায় অনুষ্ঠিত একটি মেলা পরিদর্শনের পুরোনো ভিডিও।
ইউটিউবে The Post Ranger নামের একটি চ্যানেলে ২০২৪ সালের ৬ জুন ভিডিওটি প্রকাশিত হয়, যেখানে শিরীন শারমিন চৌধুরীকে একটি মেলা ঘুরে দেখতে দেখা যায়।
এছাড়া কিওয়ার্ড সার্চে ফেসবুকে ‘জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা’-তে অংশ নেওয়া এক উদ্যোক্তার ২১ মে’র পোস্টেও তার উপস্থিতির তথ্য মেলে। ওই পোস্টে থাকা ছবির সঙ্গে ভাইরাল ভিডিওতে তার পোশাকের মিল পাওয়া যায়।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ১৯ মে থেকে ২৫ মে পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বর্তমানে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) এই মেলাটি অনুষ্ঠিত হয়।
সুতরাং, পুরোনো একটি ভিডিওকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। স্বাধীনতা দিবসে কলকাতায় শিরীন শারমিন চৌধুরীকে দেখা গেছে- এ দাবি সঠিক নয়।

