আগামীর সময়

মির্জা আব্বাসের ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠের অডিওটি সম্পাদিত

মির্জা আব্বাসের ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠের অডিওটি সম্পাদিত

ছবিঃ আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাকে মোবাইলে একটি ভিডিও দেখতে দেখা যায়। ওই ভিডিওতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ শোনা যায়। তাকে বলতে শোনা যায়, “ঢাকা-৮ আসনে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দাও। দিল্লীর এজেন্ডা আর সন্ত্রাস থেকে মুক্ত করে দাও। হায় আল্লাহ, আমাদেরকে যারা থ্রেট দিচ্ছে তুমি যদি নিরাপত্তার চাদরে আমাদের আবৃত করে দাও, তাহলে আমাদের আর কোনো ভয় নাই। শহীদ ওসমান হাদি ভাইয়ের যারা ফ্যামিলি রয়েছেন তাদেরকে তুমি নিরাপত্তার চাদরে আবৃত করে নাও।”

তবে অনুসন্ধানে জানা যায়, ভাইরাল ভিডিওটির অডিওটি আসল নয়; বরং এটি সম্পাদিত। মূল ভিডিওতে থাকা রবীন্দ্র সংগীতের অডিও পরিবর্তন করে তার পরিবর্তে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ভিন্ন অনুষ্ঠানের দোয়ার অডিও যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Asif Shohan’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে গত ১১ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির দৃশ্যের সঙ্গে ভাইরাল ভিডিওটির দৃশ্যের মিল পাওয়া গেলেও অডিওতে পার্থক্য দেখা যায়। আসিফ সোহান প্রকাশিত ভিডিওতে মির্জা আব্বাসকে রবীন্দ্র সংগীত শুনতে দেখা যায়, কিন্তু ভাইরাল ভিডিওতে তার পরিবর্তে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ শোনা যায়।

আরও অনুসন্ধানে জানা যায়, ভাইরাল ভিডিওতে ব্যবহৃত নাসীরুদ্দীন পাটওয়ারীর অডিওটি গত ১৮ জানুয়ারি শহীদ ওসমান হাদি স্মরণে অনুষ্ঠিত একটি আলোচনা সভার দোয়া থেকে নেওয়া হয়েছে।

অর্থাৎ, মির্জা আব্বাসকে ঘিরে প্রচারিত ভিডিওটির দৃশ্য আসল হলেও অডিওটি পরিবর্তন করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।

    শেয়ার করুন: