কাশ্মীরের ঘটনার প্রেক্ষাপট বদলে ইরানি নারীদের নামে অপপ্রচার

ছবিঃ আগামীর সময়
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে, ইরানি নারীরা তাঁদের মূল্যবান স্বর্ণালংকার দান করে সরকারকে যুদ্ধের সরঞ্জাম তৈরিতে সহায়তা করছেন।
‘ভয়েজ অফ প্রবাসী’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২২ মার্চ এ দাবিতে একটি পোস্ট শেয়ার করা হয়, যা দ্রুতই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী ফটোকার্ডটিকে সত্য মনে করে প্রতিক্রিয়াও জানিয়েছেন।
তবে যাচাইয়ে দেখা যায়, ছড়িয়ে পড়া ফটোকার্ডটিতে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ নেই। পাশাপাশি ব্যবহৃত রং, ফন্ট ও ডিজাইনের সঙ্গে মূলধারার কোনো গণমাধ্যমের ফটোকার্ডের মিল পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে অনুসন্ধান করেও ইরানি নারীদের পক্ষ থেকে যুদ্ধের সরঞ্জাম তৈরির জন্য স্বর্ণ দানের কোনো তথ্য পাওয়া যায়নি।
অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবির পেছনে রয়েছে ভারতের জম্মু-কাশ্মীরের একটি মানবিক উদ্যোগ। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রতিবাদে এবং ইরানের ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের প্রতি সংহতি জানাতে কাশ্মীরের বদগাম জেলার বাসিন্দারা স্বর্ণ, রুপা ও নগদ অর্থ সহায়তা হিসেবে দান করছেন।
এই উদ্যোগটি মূলত মানবিক সহায়তার অংশ হলেও, সেটিকেই প্রেক্ষাপট পরিবর্তন করে ইরানি নারীদের যুদ্ধ সহায়তা হিসেবে ভুলভাবে প্রচার করা হচ্ছে।
সুতারাং, ইরানি নারীদের যুদ্ধের সরঞ্জাম তৈরির জন্য স্বর্ণ দানের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। কাশ্মীরের মানবিক সহায়তার ঘটনাকে বিকৃত করেই এ বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

