ঢাকায় জেলি দিয়ে ‘নকল ডিম তৈরি’ ও অভিযানের দাবিটি সত্য নয়

ছবি: আগামীর সময়
রাজধানীর মগবাজার, উত্তরা, ৩০০ ফিটসহ বিভিন্ন স্থানের বহুতল ভবনে নরম জেলি এবং রাসায়নিক কেমিক্যাল মিশিয়ে প্লাস্টিকের নকল ডিম তৈরির কারখানায় অভিযান চালিয়ে আসামিদের আটক ও জরিমানা করা হয়েছে— এমন দাবি করে একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে ফ্যাক্ট-চেক অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ছবিগুলো কোনো বাস্তব অভিযানের নয় এবং এই ঘটনারও কোনো অস্তিত্ব নেই। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি ভুয়া ছবি ব্যবহার করে এই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
কী দাবি করা হচ্ছে?
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু পোস্ট ও ছবি ছড়িয়ে পড়তে দেখা যায়। ছবিগুলোতে পুলিশের মতো পোশাক পরা ব্যক্তি, কারখানার শ্রমিকের মতো দেখতে কয়েকজন ব্যক্তি এবং ডিমের মতো বস্তু দেখা যায়।
পোস্টগুলোতে দাবি করা হয়, ‘রাজধানীর মগবাজার, ৩০০ ফিট বহুতল ভবনে নরম জেলি এবং রাসায়নিক কেমিকেল মিশিয়ে প্লাস্টিকের নকল ডিম তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে পুলিশ এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে!’
আবার কোনো কোনো পোস্টে স্থান পরিবর্তন করে লেখা হয়, ‘উত্তরায় বহুতল ভবনে নরম জেলি ও রাসায়নিক পদার্থ মিশিয়ে চীন দেশের মতো প্লাস্টিকের নকল ডিম তৈরির গোপন কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ, এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ একই সাথে খাদ্যদ্রব্যে ভেজাল রোধে জনসচেতনতামূলক বার্তা ও মতামত চাওয়া হয়।
আসল ঘটনা কী?
দাবিটির সত্যতা যাচাইয়ে মূলধারার সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে অনুসন্ধান করা হলেও ঢাকার মগবাজার, উত্তরা, ৩০০ ফিট এমন কোনো ঘটনা বা অভিযানের সত্যতা পাওয়া যায়নি।
পরবর্তীতে ছড়িয়ে পড়া ছবিগুলো পর্যবেক্ষণ করলে তাতে থাকা ব্যক্তিদের ত্বক, মুখের অবয়ব, অঙ্গভঙ্গি এবং চারপাশের আবহে অস্বাভাবিক রোবোটিক ছাপ দেখা যায়, যা এআই দিয়ে তৈরি ছবির অন্যতম লক্ষণ। ছবিগুলোর উৎস নিশ্চিত করতে এআই শনাক্তকরণ প্ল্যাটফর্ম ‘SynthID Detector’-এ পরীক্ষা করা হলে জানা যায়, ছবিগুলো গুগলের এআই প্রযুক্তির সাহায্যে তৈরি।
আগামীর সময়ের অধিকতর অনুসন্ধানে ‘Halka Ai vedio’ নামের একটি ফেসবুক পেজের সন্ধান মেলে। পেজটির অ্যাবাউট সেকশনে স্পষ্টভাবে উল্লেখ আছে— ‘এই পেজের সকল ছবি ও ভিডিও Ai দিয়ে তৈরি, শুধুমাত্র জনসচেতনতা ও বিনোদনের জন্য তেরী। কেউ এগুলো সিরিয়াসলি নিবেন না।’ এছাড়াও ইউটিউবের লিংকও যুক্ত ছিলো সঙ্গে।
পেজটি বিশ্লেষণে দেখা যায়, এতে বিভিন্ন ধরনের এআই ছবি ও ভিডিওর সাথে ক্যাপশন যোগ করে নিয়মিত পোস্ট করা হয়। এসব পোস্টের অংশ হিসেবেই— ‘বহুতল ভবনে নরম জেলি এবং রাসায়নিক কেমিকেল মিশিয়ে প্লাস্টিকের নকল ডিম তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে পুলিশ এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে’— এমন ক্যাপশনের সাথে ডিম ব্যবসায়ীকে র্যাব ও পুলিশের আটক করার ছবি পোস্ট করা হয়। সেখানে স্থান হিসেবে রাজধানীর ফার্মগেট, উত্তরা, মগবাজার ও ৩০০ ফিটসহ বিভিন্ন স্থানের নাম ব্যবহার করা হয়েছিল। সেখান থেকেই মূলত ছবিগুলো নিয়ে বিভিন্ন আইডি থেকে আসল খবর দাবি করে ছড়িয়ে দেওয়া হয়।
অতএব, সামাজিক মাধ্যমে প্রচারিত খবর ও ছবিগুলো মিথ্যা । এআই দিয়ে তৈরি কাল্পনিক ছবি ব্যবহার করে রাজধানীতে প্লাস্টিকের নকল ডিম তৈরির গোপন কারখানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের গল্প প্রচার করা হচ্ছে।






