আগামীর সময়

গ্রেপ্তার হননি কনটেন্ট ক্রিয়েটর মোজাহের ইসলাম

গ্রেপ্তার হননি কনটেন্ট ক্রিয়েটর মোজাহের ইসলাম

ছবিঃ আগামীর সময়

সম্প্রতি ইউটিউব চ্যানেলে ৪ মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া উপলক্ষে আর১৫ মডেলের একটি বাইক পুরস্কার দেওয়ার ঘোষণা এবং তা প্রদান নিয়ে অস্বচ্ছতার অভিযোগকে কেন্দ্র করে কনটেন্ট ক্রিয়েটর মোজাহের ইসলামকে ঘিরে আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়ানো হয়েছে, তিনি গ্রেপ্তার হয়েছেন। দাবিটির সমর্থনে একটি ছবি এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির আদলে তৈরি একটি ফটোকার্ডও প্রচার করা হচ্ছে।

তবে অনুসন্ধানে জানা গেছে, মোজাহের ইসলাম গ্রেপ্তার হননি। প্রকৃতপক্ষে, যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড তৈরি করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় একটি ভুয়া ছবি বানিয়ে এ দাবি ছড়ানো হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি বিশ্লেষণে দেখা যায়, এতে যমুনা টিভির লোগো ব্যবহার করা হয়েছে। তবে যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যালোচনা করে এমন কোনো ফটোকার্ড বা সংবাদের অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া ফটোকার্ডটির ডিজাইনে ব্যবহৃত ফন্ট ও বিন্যাস যমুনা টিভির প্রচলিত ফরম্যাটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি পর্যবেক্ষণে একাধিক অসংগতি ধরা পড়ে, যা সাধারণত এআই-তৈরি কনটেন্টে দেখা যায়। বিষয়টি নিশ্চিত হতে ছবিটি এআই শনাক্তকারী টুল ‘হাইভ ডিটেক্ট’-এ পরীক্ষা করা হলে এতে প্রায় শতভাগ সম্ভাবনা দেখায় যে ছবিটি এআই দিয়ে তৈরি।

এছাড়া গুগলের শনাক্তকরণ প্রযুক্তি SynthID ব্যবহার করে, এবং বিশ্লেষণে দেখা যায় ছবিটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি বা সম্পাদিত হয়ে থাকতে পারে।

গ্রেপ্তারের দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি। মোজাহের ইসলামের মতো পরিচিত একজন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার হলে তা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা।

এ বিষয়ে জানতে মোজাহের ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেই গ্রেপ্তারের দাবিটিকে ভুয়া বলে নিশ্চিত করেন।

মোজাহের ইসলামের গ্রেপ্তারের দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি এবং একই দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটিও সম্পূর্ণ ভুয়া।

    শেয়ার করুন: