কাতারের মার্কিন রাডার ধ্বংসের দাবিতে ছড়ানো ছবিটি এআই

ছবিঃ আগামীর সময়
ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর জবাবে ইরান অঞ্চলজুড়ে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে।
এমন প্রেক্ষাপটে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে স্থাপিত যুক্তরাষ্ট্রের প্রায় ১.১ বিলিয়ন ডলার মূল্যের একটি প্রারম্ভিক সতর্কীকরণ রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে- এমন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি আসল নয়; বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভুয়া ছবি।
এ বিষয়ে যাচাই করতে কাতারসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করা হয়। কিন্তু কোথাও আলোচিত ছবিটির কোনো উল্লেখ বা অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে এআই-তৈরি কনটেন্টে সাধারণত দেখা যাওয়া কিছু অসংগতি রয়েছে।
বিষয়টি আরও নিশ্চিত হতে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী টুল ‘হাইভ মডারেশন’ দিয়ে পরীক্ষা করা হলে টুলটির বিশ্লেষণে ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে উঠে আসে।
এছাড়া যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর প্রকাশিত সংশ্লিষ্ট রাডারের নকশার সঙ্গে ভাইরাল ছবিটির তুলনা করলেও অসামঞ্জস্য দেখা যায়। একইভাবে হামলার পর আল-উদেইদ বিমানঘাঁটির যে স্যাটেলাইট ছবি দ্য নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করেছে, তার সঙ্গেও ভাইরাল ছবিটির কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ইরানের হামলার পর কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে স্থাপিত যুক্তরাষ্ট্রের রাডার ক্ষতিগ্রস্ত হওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয়; এটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভুয়া ছবি, যা সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ব্যবহৃত হচ্ছে।

