ইউএসটিসির ডিপার্টমেন্টের ইফতারকে ছাত্রলীগের অনুষ্ঠান বলে প্রচার

ছবিঃ আগামীর সময়
বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে “পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি) ছাত্রলীগের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল” শিরোনামে দুটি ছবি পোস্ট করা হয়।
তবে যাচাই করে দেখা যায়, প্রচারিত দাবিটি সঠিক নয়। ছবিগুলো আসলে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) বিবিএ বিভাগের উদ্যোগে আয়োজিত একটি ইফতার মাহফিলের। এতে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।
সংশ্লিষ্ট কীওয়ার্ড অনুসন্ধানে Mohammad Sahabuddin নামের একটি ফেসবুক আইডিতে গত ১০ মার্চ একই দুটি ছবিসহ আরও কয়েকটি ছবি ও ভিডিও পাওয়া যায়।
পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, “ইউএসটিসিতে আজকে আমার নিজ ডিপার্টমেন্টে বিবিএ ছাত্র-ছাত্রী, এলামনাই ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে ইফতার করলাম। ধন্যবাদ আয়োজকদের ইফতার মাহফিল সফল করার জন্য।”
এ বিষয়ে ইউএসটিসির বিবিএ বিভাগের শিক্ষার্থী তাকবির আবসার বলেন, “এটি আমাদের ডিপার্টমেন্টের আয়োজিত ইফতার মাহফিল। এখানে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।”
সুতরাং, ইউএসটিসিতে ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে- এমন দাবিতে প্রচারিত ছবিগুলো বিভ্রান্তিকর।

