বাংলাদেশি সিনেমা ‘দেলুপি’র প্রশংসায় অনুরাগ কাশ্যপ

সংগৃহীত ছবি
দেশের সীমানা পেরিয়ে এবার ভারতের প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের মন জয় করে নিল বাংলাদেশি সিনেমা ‘দেলুপি’। তীক্ষ্ণ রাজনৈতিক ব্যঙ্গাত্মক গল্পের এই সিনেমাটি দেখে নিজের মুগ্ধতা ধরে রাখতে পারেননি এই বলিউড পরিচালক। আন্তর্জাতিক চলচ্চিত্র রিভিউ প্ল্যাটফর্ম ‘লেটারবক্সড’-এ সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
অনুরাগ কাশ্যপের মতো বিশ্বমানের নির্মাতার কাছ থেকে এমন রিভিউ পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ‘দেলুপি’র তরুণ বাংলাদেশি পরিচালক মোহাম্মদ তৌকির ইসলাম। সোশ্যাল মিডিয়ায় সেই প্রশংসার স্ক্রিনশট শেয়ার করে তৌকির লিখেছেন, “যখন অনুরাগ কাশ্যপ ‘দেলুপি’ দেখেন এবং তার মূল্যবান মতামত শেয়ার করেন! আমার অনুভূতি প্রকাশ করার ভাষা নেই।”
সিনেমাটি দেখার পর অনুরাগ কাশ্যপ তার অ্যাকাউন্টে লেখেন, “ক্ষমতার পটপরিবর্তনের পর বন্যায় বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ‘দেলুপি’ গ্রামের একদম তৃণমূল স্তরের ক্ষমতার খেলা দেখানো হয়েছে এই ছবিতে। এটি অত্যন্ত মানবিক এবং মনে হয় যেন আমাদের নিজেদেরই বাড়ির আঙিনা। আমি এটি ভীষণ পছন্দ করেছি।”
তিনি আরও যোগ করেন, ‘সিনেমার এই ছোট গ্রামটি আসলে পুরো দেশের একটি রূপক বা প্রতীক হয়ে উঠেছে। গ্রামীণ বাঁধটি পুনর্নির্মাণ করা যেন কোনো সম্পদ ছাড়াই একদম শূন্য থেকে দেশটিকে নতুন করে গড়ে তোলার মতো। সিনেমাটি আমাকে এমনভাবে নাড়া দিয়েছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না।’
মোহাম্মদ তৌকির ইসলাম পরিচালিত ‘দেলুপি’ সিনেমাটি এরই মধ্যে সাধারণ দর্শক ও সমালোচকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। বন্যা এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় ভেঙে পড়া এক প্রত্যন্ত গ্রামের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি। যেখানে সমাজ ও রাজনীতির মারপ্যাঁচে সাধারণ মানুষের বেঁচে থাকার কঠিন লড়াইকে ফুটিয়ে তোলা হয়েছে।
সিনেমার মূল শক্তি এর গল্প। যেখানে দেখা যায়, একদল সাধারণ গ্রামবাসী তাদের ঐক্য, ভালোবাসা আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে কীভাবে সমাজের দুর্নীতি, অন্যায় আর হতাশার বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াচ্ছেন। একটি ছোট গ্রামের গল্প হলেও সিনেমাটি মূলত দেশের বর্তমান বৃহত্তর বাস্তবতারই এক নিখুঁত প্রতিচ্ছবি।





