আগামীর সময়

সহ অভিনেত্রীর প্রেম নিয়ে মাথা ঘামান হ্যারি পটার

সহ অভিনেত্রীর প্রেম নিয়ে মাথা ঘামান হ্যারি পটার

ড্যানিয়েল র‍্যাডক্লিফ

পর্দায় তাঁকে জাদুদণ্ড হাতে পৃথিবী বাঁচাতে দেখা গেছে বহুবার। কিন্তু পর্দার বাইরে ড্যানিয়েল র‍্যাডক্লিফ যে এমন ‘গসিপ’ বা পরনিন্দা-পরচর্চা প্রিয় মানুষ হতে পারেন, তা কে জানত? এনবিসি এর আসন্ন কমেডি সিরিজ ‘দ্য ফল অ্যান্ড রাইজ অফ রেগি ডিনকিন্স’ এর সেটে ড্যানিয়েলের এমনই এক অজানা দিক ফাঁস করেছেন তাঁর সহ অভিনেত্রী প্রেশাস ওয়ে।

​এই সিরিজে ট্রেসি মরগান একজন প্রাক্তন ফুটবল তারকার চরিত্রে অভিনয় করছেন, আর ড্যানিয়েলকে দেখা যাবে সেই ফুটবল তারকার জীবন নিয়ে তথ্যচিত্র বানানো একজন পরিচালকের ভূমিকায়। সেটে প্রেশাস ওয়ের প্রথম দিনটি ছিল বেশ রোমাঞ্চকর। হ্যারি পটার তারকাকে চোখের সামনে দেখে তিনি রীতিমতো ‘ফ্যান মোডে’ চলে গিয়েছিলেন। কিন্তু সেই মুগ্ধতা কাটতে সময় লাগেনি, যখন তিনি দেখলেন ড্যানিয়েল তাঁর ব্যক্তিগত জীবনের গসিপ শুনতে কতটা আগ্রহী।

​প্রেশাস মজা করে জানান, ড্যানিয়েল তাঁর ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি বা ‘টি’ শুনতে ভীষণ পছন্দ করেন। এমনকি প্রেশাস কার সাথে ডেট করছেন বা কাকে পছন্দ করছেন, সেই খবরও ড্যানিয়েলের নখদর্পণে। প্রেশাস বলেন, “আমি জানতাম না বিষয়টা এমন দিকে যাবে। এখন আমি তাঁকে আমার জীবনের গসিপ শোনানোর জন্য মুখিয়ে থাকি আর সেও সেগুলো দারুণ উপভোগ করে।”

​ড্যানিয়েলের কৌতূহল শুধু শোনাতেই সীমাবদ্ধ নেই, তিনি রীতিমতো প্রেশাসের পছন্দের ছেলেদের ছবি বিশ্লেষণ করে রায়ও দেন। প্রেশাস হাসতে হাসতে বলেন, “সে ছেলেদের ছবি বের করে দেখে আর গম্ভীর মুখে বলে ‘নাহ, আমি জানি না। তুমি এর চেয়ে ভালো কাউকে খুঁজে পেতে পারো।’ আমি শুনে অবাক হয়ে যাই।”

​প্রেশাসের কাছে ‘হ্যারি পটার’ এখন আর কেবল এক রূপকথার নায়ক নন, বরং সেটের একজন দারুণ বন্ধু এবং সহকর্মী। ড্যানিয়েলের এই মজার ও বন্ধুসুলভ আচরণ যে সেটের পরিবেশকে অনেক বেশি প্রাণবন্ত করে তুলেছে, তা প্রেশাসের কথাতেই স্পষ্ট। জাদুর জগত ছেড়ে বাস্তব জগতের প্রেম ভালোবাসার গসিপ নিয়ে ড্যানিয়েলের এই মেতে থাকা এখন হলিউড পাড়ার নতুন আলোচনার বিষয়।


সুত্রঃ নিউজ ১৮

    শেয়ার করুন: