শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের তিন দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান ‘নৃত্যাঞ্চল’-এর রজতজয়ন্তী উৎসবে শিল্পীদের পরিবেশনা
নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান ‘নৃত্যাঞ্চল’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব। গত শুক্রবার বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এতে নৃত্যাঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী ও কলাকুশলীদের পাশাপাশি প্রতিষ্ঠানের দুই পরিচালক, বাংলাদেশের বরেণ্য নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ অংশ নেন। র্যালি শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তারা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উৎসবের দ্বিতীয় দিন গত শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের ব্যতিক্রমধর্মী নৃত্যানুষ্ঠান ‘ছড়ায় ছন্দে নৃত্যমালা’। শিশুতোষ ছড়া ও শিক্ষণীয় বিষয়কে উপজীব্য করে নির্মিত ‘ছড়ায় ছন্দে নৃত্যমালা’ দর্শকদের মুগ্ধ করে। ছড়া, ছন্দ, শিক্ষা ও আনন্দের সমন্বয়ে নির্মিত এই ব্যতিক্রমধর্মী পরিবেশনায় নৃত্যাঞ্চলের ৪০০-এর বেশি শিশু-কিশোর শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানটির নৃত্য পরিচালনা করেন শামীম আরা নীপা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিবলী মোহাম্মদ।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন স্টালিন, নৃত্যশিল্পী আমানুল হক, কাজল ইব্রাহিম, লুবনা মারিয়াম, ড. সোমা মুমতাজ, বেলায়েত হোসেন খান ও আনিসুল ইসলাম হিরু।
রজতজয়ন্তী উৎসব উপলক্ষে শনিবার ও গতকাল রবিবার জাতীয় নাট্যশালা মিলনায়তনের লবিতে প্রদর্শিত হয় নৃত্যাঞ্চলের ২৫ বছরের পথচলার বিশেষ প্রদর্শনী। এতে প্রতিষ্ঠার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত নৃত্যাঞ্চলের বিভিন্ন কর্মকাণ্ড, পরিবেশনা, অর্জন ও স্মরণীয় মুহূর্তের আলোকচিত্র এবং বিভিন্ন স্মারক স্থান পায়। প্রদর্শনীর মাধ্যমে নৃত্যাঞ্চলের ২৫ বছরের শিল্পসাধনা ও পথচলার গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।
গতকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে একই মিলনায়তনে অনুষ্ঠিত হয় রজতজয়ন্তী উৎসবের সমাপনী আয়োজন ‘নৃত্যমালিকা’। লোকনৃত্য, সৃজনশীল ও ধ্রুপদি নৃত্যের সমন্বয়ে আয়োজিত ‘নৃত্যমালিকা’য় নৃত্যাঞ্চলের অগ্রজ শিল্পীদের পাশাপাশি ৩০০-এর বেশি শিল্পী অংশ নেন। সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ নৃত্যজুটি শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের বিশেষ নৃত্য পরিবেশনা।




