ফ্রেড অ্যাস্টেয়ার বায়োপিকে সাবরিনা কার্পেন্টার
বিনোদন ডেস্ক

সাবরিনা কার্পেন্টার
হলিউডের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারকে নিয়ে নির্মিত বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা কার্পেন্টার।
সনি প্রযোজিত এ চলচ্চিত্রে তাকে দেখা যাবে কিংবদন্তি অভিনেত্রী ও নৃত্যশিল্পী জিঞ্জার রজার্সের চরিত্রে। ফ্রেড অ্যাস্টেয়ার চরিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রটি প্রযোজনা করবেন টম হল্যান্ড। ফ্রেডের সঙ্গে একাধিক চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছিলেন রজার্স।
ফ্রেডের বড় বোন ও নৃত্যসঙ্গী অ্যাডেল অ্যাস্টেয়ারের চরিত্রে অভিনয় করবেন মার্গারেট কোয়ালি। চলচ্চিত্রটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘প্যাডিংটন’খ্যাত পরিচালক পল কিং।
ক্যাথলিন রাইলির লেখা ‘দ্য অ্যাস্টেয়ার্স: ফ্রেড অ্যান্ড অ্যাডেল’ বই অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন স্টিভেন লেভেনসন ও পল কিং। অ্যাস্টেয়ার পরিবারের সদস্যদেরও এ চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।
আগামী বছরের জানুয়ারিতে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ২০২৮ সালের শুরুর দিকে এটি মুক্তি পেতে পারে।




