লন্ডন চলচ্চিত্র উৎসবে
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

পোস্টার: ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ -খনা টকিজ
ভেনিস ও টরন্টোর পর এবার ৭০তম লন্ডন চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হলো রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আসরের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ১০টি চলচ্চিত্রের তালিকা ঘোষণা করেছে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই)। উৎসব পরিচালক ক্রিস্টি ম্যাথেসন জানিয়েছেন, সেরা চলচ্চিত্রের পুরস্কারের জন্য লড়বে এগুলো।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকার ঐতিহ্যবাহী ‘মেফেয়ার’ বিউটি পারলারকে কেন্দ্র করে রহস্য, মনস্তত্ত্ব ও সুপারন্যাচারাল সিনেমা। এর গল্পে পরিবারের পক্ষ থেকে একের পর এক সাজসজ্জা ও পরিবর্তনের আয়োজন করা হলে বিরক্ত হয়ে ওঠে এক হবু কনে। একসময় তার শরীরেই যেন প্রতিরোধের জন্ম নেয় এবং সে অদ্ভুত সব পরিবর্তন ও অশুভ সংকেত অনুভব করতে থাকে। নারীবাদী বডি হরর সিনেমাটিতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, দামের খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।
প্রতিযোগিতায় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’সহ রয়েছে কান উৎসবে স্বর্ণ পাম জয়ী হিরোকাজু কোরে-এদার ‘লুক ব্যাক’, ইউক্রেনের সের্গেই লোজনিৎসা পরিচালিত ‘ইমপেরিয়াম’, ইতালির লুকা গুয়াদানিনো প্রযোজিত ও জিওভান্নি তোর্তোরিচি পরিচালিত ‘কেত্তিচে’, যুক্তরাজ্যের ক্যারল মর্লি পরিচালিত ‘সেভেন মাইলস আউট’, আয়ারল্যান্ডের ক্রিস্টিন মলয় ও ক্রিস্টিন মলয় ও জো লোলার পরিচালিত ‘অ্যাক্ট থ্রি’, বেনহামিন নেয়িশতাত পরিচালিত ‘গ্ল্যাক্সো’, হাঙ্গেরির লিলি হোরভাত পরিচালিত ‘মাই নোটস অন মার্স’, পোল্যান্ডের মালগোরজাতা শুমোস্কা ও মিখাল এংলের্ত পরিচালিত ‘দ্য ইডিয়ট(স)’, ডেনিস-মিসরীয় পরিচালক মে এল-তৌহির ‘ওম্যান আননোন’।
৭০তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসব আগামী ৭ অক্টোবর শুরু হয়ে চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।
এদিকে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ইতালির ভেনিসে উৎসবটির অরিজোন্তি বিভাগে থাকছে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। এরপর ঘোষণা আসে কানাডার মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) সেন্টারপিস বিভাগে জায়গা পেয়েছে সিনেমাটি। ১০ সেপ্টেম্বর শুরু হয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এর ৫১তম আসর। এর আগে ২ সেপ্টেম্বর শুরু হয়ে ৮৩তম ভেনিস উৎসব চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।






