লালনের তিরোধান দিবসে দেশ জুড়ে আয়োজন

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আজ ১৭ অক্টোবর ঢাকা, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে স্মরণানুষ্ঠান। লালনের গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এসব অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ‘লালন স্মরণানুষ্ঠান’।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ হারুন-অর-রশীদ।
অনুষ্ঠানে প্রথিতযশা লালনশিল্পীদের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।
এদিকে লালন সাঁইয়ের গান ও দর্শনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুষ্টিয়ায় ১৭ থেকে ১৯ অক্টোবর তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় আজ লালনের জীবন, দর্শন ও মানবতাবাদ নিয়ে বিশেষ অনুষ্ঠান হবে।



