মান্না-শাকিব খান-রুবেলের নায়িকা ঢাকায় একটি ফ্ল্যাটও কিনতে পারেননি!

২০০০ সালে চিত্রনায়ক রুবেলের বিপরীতে ‘জিদ্দি সন্তান’ শিরোনামের সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়িকা শাহনূর। এরপর মান্না, শাকিব খান, রিয়াজ, রুবেলসহ অনেক জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ পর্যন্ত তার অভিনীত অর্ধশতাধিক সিনেমা মুক্তি পেয়েছে। বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি এ পর্যন্ত ৩৫০ টির মতো নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন এই অভিনেত্রী।
চলচ্চিত্রে এতোগুলো সিনেমা করেও ঢাকায় নিজের একটি ফ্ল্যাট কিনতে পারেননি এই অভিনেত্রী। শাহনূর এমনটাই জানালেন এক ফেসবুক পোস্টে। শাহনূর বলেন, আমার এত বছরের ক্যারিয়ারে কোনোদিন নিজের জন্য একটা ফ্ল্যাট ও কিনি নাই, নিজের জন্য দামি কোন গাড়ি কিনি নাই। সব সময় চিন্তা করেছি গাড়ি-বাড়ি ধন-সম্পদ কোনো কিছুই মরার পর আমার সাথে যাবে না। কিন্তু আমি যদি মানুষের উপকার করি, তারা যে দোয়া করবেন, সেটাই আমার সাথে যাবে।
এই অভিনেত্রী আরো বলেন, আমার ২৬ বছরের ক্যারিয়ারে, কখনো নিজের জন্য কিছুই করিনি। সব সময় চেয়েছি অসহায় মানুষদের জন্য কিছু করতে। কখনো কারো সাথে খারাপ ব্যবহার করা, আজেবাজে কথা বলা, অথবা কারোর ক্ষতি করা, কাউকে হিংসা করা, এই গুলো মাথাই কখনো আসেনি। সব সময় পজিটিভ চিন্তা করেছি এবং পজিটিভ কাজ করার চেষ্টা করেছি।
শাহনূর এখন শিশু ও বয়স্কদের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছেন-এমনটাই জানিয়ে বলেন, আমি ছোট বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসি, তাইতো পথশিশু এবং প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে সব সময় কাজ করার চেষ্টা করেছি। আমি আমার আব্বু আম্মুকে যেমন ভালোবাসি, তেমনি ভালোবাসি বৃদ্ধাশ্রম এর সকল বাবা মাকে। আর সেজন্যই বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করার চেষ্টা করেছি।
শাহনূর এখন জটিল রোগে আক্রান্ত। অগ্ন্যাশয়ের টিউমার, আজ অস্ত্রোপচার। এর আগেই এক পোস্টে এসব কথা জানানা। শাহনূর বলেন, আমি আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া চাই। আমি মরে যাওয়ার পরও আপনারা সবাই, আমার জন্য দোয়া করবেন। আমাকে কেউ ভুলে যাবেন না। সবাই নামাজের সময় মোনাজাতে, আমার নাম নিয়ে একটু দোয়া করবেন। আল্লাহ যেন আমার সকল গুনাহ মাফ করে দেন।
১৯৯৯ সালে ফাঁসির আদেশ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা যাত্রা শুরু করেন শাহনূর। কিন্ত, চলচ্চিত্রটি মুক্তি পায়নি। ২০০০ সালে তার অভিনীত চলচ্চিত্র জিদ্দি সন্তান মুক্তি পায় যেটি ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে তিনি রুবেলের বিপরীতে অভিনয় করেছিলেন। এরপর ২০০৩ সালে তিনি 'সাহসী মানুষ চাই' ও 'কারাগার' চলচ্চিত্রে অভিনয় করেন। সাহসী মানুষ চাই দুইটি বিভাগে ও কারাগার একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। এই ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন শাহনূর। ২০০৫ সালে তিনি 'হাজার বছর ধরে' চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। মান্নার সঙ্গে অভিনয় করেন 'টপ টেরর' সিনেমায়। এছাড়াও রাজধানীসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

