রেখার কাছ থেকে পালিয়ে বেড়াত অক্ষয়: রাভীনা ট্যান্ডন

সংগৃহীত ছবি
বলিউডে গুঞ্জনের শেষ নেই। একসময় রেখার সঙ্গে অক্ষয় কুমার এর সম্পর্ক নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। বিষয়টি ঘিরে বিস্তর সমালোচনাও হয়। এতে বিরক্ত হয়েছিলেন অক্ষয়ের তৎকালীন প্রেমিকা রাভীনা ট্যান্ডনও। তার দাবি ছিল, রেখার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন অক্ষয় এমনকি অভিনেত্রীর কাছ থেকে নাকি এড়িয়ে চলতেন তিনি।
১৯৯৬ সালে ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অক্ষয় ও রেখা। সেই সময়ই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে রাভীনা বলেছিলেন, “রেখার সঙ্গে অক্ষয়ের কখনওই কোনও সম্পর্ক ছিল না। বরং রেখার থেকে পালিয়ে বেড়াত অক্ষয়।” তার ভাষ্য, “শুধু একটি ছবির জন্যই রেখাকে সহ্য করেছে অক্ষয়। তাকে হাসিখুশি রাখার চেষ্টা করত মাত্র।”
এতেই থেমে থাকেননি রাভীনা। তিনি আরও বলেন, “তুমি হাঁটুর বয়সি পুরুষের দিকে তাকাবে আর আশা করবে, সে কোনও প্রতিক্রিয়া দেবে না? অথবা সে তোমাকে সন্তুষ্ট করার চেষ্টা করবে? একসময় রেখা ওর জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসত।”
রাভীনার মতে, রেখা অত্যন্ত মিষ্টি মানুষ হলেও তার বোঝা উচিত কোথায় থামতে হয়। “উনি সবাইকে খুশি করার চেষ্টা করেন, সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন কিন্তু জানা উচিত কোথায় দাঁড়ি টানতে হয়”।
তবে এই গুঞ্জন নিয়ে রেখা বা অক্ষয় কেউই কখনও প্রকাশ্যে মুখ খোলেননি। পরবর্তীতে রাভীনার সঙ্গে অক্ষয়ের সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০০১ সালে অভিনেত্রী টুইঙ্কল খন্নাকে বিয়ে করেন অক্ষয়।
সূত্রঃ আনন্দবাজার

