এবারের অস্কার নিয়ে এই তথ্যগুলো জানেন কি?

অস্কার মানেই শুধু লালগালিচা আর তারকাদের ঝলক নয়। অস্কারের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গল্প, রেকর্ড আর চমকপ্রদ তথ্য। ৯৮তম একাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে এমন নানা মজার তথ্য উঠে এসেছে মনোনীত ছবি ও তারকাদের ঘিরে।
শৈশবে সিনেমা দেখতে গিয়ে পরিচালক রায়ান কুগলার মাঝে মাঝে নিজের পছন্দের খাবার লুকিয়ে হলে নিয়ে যেতেন। শুধু তাই নয়, সিনেমা হলের পানীয় মেশিনে বিভিন্ন পানীয় মিশিয়ে নতুন স্বাদ বানানোও ছিল তার এক ধরনের শখ। বহু বছর পর সেই ‘মিশ্রণের’ ভাবনাই যেন ফুটে উঠেছে তার নির্মিত ‘সিন্নার্স’ ছবিতে। ১৯৩০-এর দশকের মিসিসিপি ডেল্টাকে পটভূমি করে নির্মিত এই ছবিতে ভ্যাম্পায়ার হরর আর ব্লুজ সংগীতকে একসঙ্গে মিশিয়ে এক ভিন্নধর্মী গল্প তুলে ধরা হয়েছে। এবারের অস্কারে ছবিটি একাধিক পুরস্কার জিততে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে শক্ত প্রতিদ্বন্দ্বি হবে ‘ওয়ান ব্যাটল আফটার আনাদার’। ফলে এবারের অস্কারের বেশ কয়েকটি বিভাগে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা থাকবে।
মনোনয়ন পাওয়া ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে ‘জুটোপিয়া ২’। বিশ্বজুড়ে ছবিটির আয় প্রায় ১৮৬ কোটি মার্কিন ডলার। তবে ইউরোপে ছবিটির নাম আলাদা, সেখানে এটি মুক্তি পেয়েছে ‘জুট্রোপলিস’ নামে। কারণ ডেনমার্কের একটি চিড়িয়াখানা আগে থেকেই ‘জুটোপিয়া’ নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করে রেখেছিল।
বক্স অফিসে বড় সাফল্য পাওয়া অন্য ছবির মধ্যে রয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। ছবিটির আয় প্রায় ১৪৮ কোটি মার্কিন ডলার। আর সেরা ছবির বিভাগে মনোনীত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে রেসিংভিত্তিক থ্রিলার ‘এফ১’, যার আয় প্রায় ৬৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
এবার রেকর্ড গড়েছেন অভিনেত্রী এমা স্টোন। মাত্র ৩৭ বছর বয়সেই তিনি সাতবার অস্কারের মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছেন। এর আগে মেরিল স্ট্রিপের এই রেকর্ড ছিল, ৩৮ বছর বয়সে সপ্তম মনোনয়ন পেয়েছিলেন তিনি। স্টোনের আরেকটি বিশেষ রেকর্ড হলো—তার প্রথম পাঁচটি অস্কার মনোনয়ন পাওয়া ছবিই সেরা ছবির বিভাগে মনোনীত হয়েছিল। ছবিগুলো হলো ‘বার্ডম্যান’, ‘দ্য ফেভারিট’, ‘বুগোনিয়া’, ‘লা লা ল্যান্ড’ এবং ‘পুওর থিংস’।
সাহিত্য থেকে চলচ্চিত্রে রূপান্তরের ক্ষেত্রেও এবার দেখা গেছে দীর্ঘ সময়ের ব্যবধান। লেখিকা মেরি শেলির ১৮১৮ সালের উপন্যাস ফ্রাঙ্কেনস্টাইন অবলম্বনে নতুন চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক গিয়েরমো দেল তোড়ো। উপন্যাস প্রকাশের ২০৭ বছর পর নির্মিত এই চলচ্চিত্রটি অস্কারের ইতিহাসে অন্যতম দীর্ঘ ব্যবধানের উদাহরণ।
এবার আলোচনায় থাকা নতুন মুখদের একজন অভিনেত্রী চেজ ইনফিনিটি। জন্মের সময় থেকেই যেন তার নামের সঙ্গে সিনেমার সম্পর্ক জড়িয়ে গেছে। তার নাম রাখা হয়েছিল নিকোল কিডম্যান অভিনীত ব্যাটম্যান ফরএভার ছবির চরিত্র চেজ মেরিডিয়ানের নাম থেকে, আর টয় স্টোরির বিখ্যাত সংলাপ ‘টু ইনফিনিটি অ্যান্ড বিয়ন্ড’ থেকে এসেছে তার পদবি।
ব্রিটিশ অভিনেত্রী মিরিয়াম মারগোলিজ এবার মনোনীত হয়েছেন ‘আ ফ্রেন্ড অফ ডরোথি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য। তবে দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের জন্য অস্কার মনোনয়ন না পাওয়ায় তার আক্ষেপ এখনো রয়ে গেছে। তার মতে, মার্টিন স্করসিজি পরিচালিত ‘দ্য এজ অফ ইনোসেন্স’ ছবিতে তার অভিনয় মনোনয়ন পাওয়ার মতোই ছিল।
অভিনেতা ও পরিচালকের দীর্ঘদিনের বন্ধুত্বও এবারের অস্কারে আলোচনায় এসেছে। যেমন— ইথান হক ও রিচার্ড লিঙ্কলেটার, মাইকেল বি জর্ডান ও রায়ান কুগলার, এমা স্টোন ও ইয়োরগোস লান্থিমোস, এবং রেনাতে রেইনসভে ও যোআচিম ট্রায়ার। এরা জুটি হয়ে একাধিক ছবিতে কাজ করেছেন।
এবার ইতিহাস গড়ার সম্ভাবনায় আছেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। তিনি যদি সেরা অভিনেত্রীর পুরস্কার জিততে পারেন, তাহলে হবেন প্রথম আইরিশ অভিনেত্রী যিনি এই বিভাগে অস্কার জিতলেন।
অন্যদিকে ব্র্যাড পিট অভিনীত ‘এফ১’ ছবিটি সেরা ছবির মনোনয়ন পেয়েছে, যদিও ছবিটির পরিচালনা, চিত্রনাট্য বা অভিনয়ের জন্য আলাদা কোনো মনোনয়ন নেই। ১৯৯১ সালের বিউটি ‘অ্যান্ড দ্য বিস্ট’ ছবির পর এমন ঘটনা আর দেখা যায়নি।
এবার আলোচনায় আছেন তরুণ অভিনেতা টিমোথি শালামে। তিনি ‘মার্টি সুপ্রিম’ ছবির জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন। ৩০ বছর বয়সেই তিনি তিনবার অস্কারের অভিনয় বিভাগে মনোনীত হয়েছেন, এমন কীর্তি এর আগে গড়েছিলেন কিংবদন্তি অভিনেতা মারলন ব্র্যান্ডো।
নরওয়ের দুই অভিনেত্রীও এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন। রেনাতে রেইনসভে এবং ইনগা ইবসডটার লিলিয়াস ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ছবির জন্য মনোনীত হয়েছেন। এর আগে নরওয়ে থেকে অস্কার মনোনয়ন পেয়েছিলেন কেবল লিভ উলম্যান।
লিওনার্দো ডিক্যাপ্রিওর ১২তম সিনেমা হিসেবে ‘ওয়ান ব্যাটল আফটার আনাদার’ যুক্ত হয়েছে মনোনয়নে। রবার্ট ডি নিরোরও ১২টি সিনেমা অস্কারে মনোনয়ন পেয়েছে।
সূত্র: বিবিসি




