এটা আমার দুর্ভাগ্য: রণবীর কাপুর

রণবীর কাপুর
বলিউড সুপারস্টার রণবীর কাপুরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ২০২৩ সালের ব্লকবাস্টার ‘অ্যানিমেল’। এরপর গত বছর আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অফ বলিউড’ এ তাকে কেবল একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে। বর্তমানে ভক্তরা চাতক পাখির মতো চেয়ে আছেন তার আসন্ন বড় প্রজেক্ট ‘রামায়ণ’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ এর দিকে। তবে রণবীরের ছবি মানেই যে দীর্ঘ অপেক্ষা, সেই চিরচেনা বিষয়টি নিয়ে এবার খোদ ভক্তদের কাছেই রসিকতার শিকার হলেন অভিনেতা।
সম্প্রতি নিজের ব্র্যান্ড ‘এআরকেএস’ এর একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনে যোগ দিয়েছিলেন রণবীর। সেখানে এক ভক্ত মজার ছলে মন্তব্য করেন, “একজন সুপারস্টার ছিলেন যিনি সবসময় বলতেন ‘সি ইউ অ্যাট দ্য মুভিজ’, আর তারপর ৩-৪ বছরের জন্য গায়েব হয়ে যেতেন!” মূলত বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রণবীরের জনপ্রিয় সংলাপটিকেই খোঁচা দিয়েছিলেন সেই ভক্ত।
মন্তব্যটি পড়ে হেসেই ফেলেন রণবীর। বিনয়ের সাথে উত্তর দিয়ে তিনি বলেন, “ভাই, এটা আসলে আমার দুর্ভাগ্য! অন্য সবাই যেখানে ৪-৬ মাসে সিনেমা শেষ করে ফেলে, আমার ছবিগুলো শেষ হতে অনেক সময় লেগে যায়। তবে আমার বিশ্বাস, ছবি যখন মুক্তি পাবে তখন আপনারা এই দীর্ঘ অপেক্ষার কথা ভুলে যাবেন। গত ২-৩ বছর ধরে আমি সত্যিই খুব পরিশ্রম করছি। আমার মনে হয়, ভালো জিনিস তৈরি হতে একটু সময় লাগে।”
সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে রণবীরের সাথে থাকছেন আলিয়া ভাট এবং ভিকি কৌশল। ১৯৬০ এর দশকের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে রণবীর ও ভিকিকে বিমান বাহিনীর অফিসারের চরিত্রে দেখা যাবে। ছবিটির মুক্তির তারিখ ইতিমধ্যে দুবার পিছিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, নিতেশ তিওয়ারির উচ্চাভিলাষী প্রজেক্ট ‘রামায়ণ’এ ভগবান রামের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। এতে সীতার চরিত্রে সাঁই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করছেন। ছবিটির বিশেষ আকর্ষণ হলো এ আর রহমান এবং হ্যান্স জিমারের সঙ্গীত। দুই পর্বের এই মহাকাব্যের প্রথম অংশটি এ বছর দীপাবলির আগে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া রণবীরকে পরবর্তীতে ‘অ্যানিমেল’ এর সিক্যুয়াল ‘অ্যানিমেল পার্ক’ এও দেখা যাবে।

