কার্তিকের অভিনয় নিয়ে কড়া সমালোচনা প্রশান্তের

সংগৃহীত ছবি
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের অভিনয় দক্ষতা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন 'মার্ডার ২' খ্যাত অভিনেতা প্রশান্ত নারায়ণন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কার্তিককে বর্তমান সময়ের "সবচেয়ে জঘন্য" অভিনেতা হিসেবে অভিহিত করেন। প্রশান্তের মতে, কার্তিক আরিয়ান শুধুমাত্র ভাগ্যের জোরে এবং তার বাবা মায়ের আশীর্বাদে ইন্ডাস্ট্রিতে টিকে আছেন।
তিনি স্পষ্ট জানান যে, প্রথম ছবি 'পেয়ার কা পঞ্চনামা' তে কার্তিককে ভালো লাগলেও পরবর্তী কাজগুলোতে তিনি মোটেও মুগ্ধ নন। এমনকি বক্স অফিসে কার্তিকের সাফল্য নিয়ে প্রশ্ন তুলে প্রশান্ত দাবি করেন, দর্শকরা তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে নয়, বরং তাকে নিয়ে হাসাহাসি করে বলেই সিনেমাগুলো চলে।
সমালোচনার মুখে থাকলেও কার্তিক আরিয়ানের হাতে বর্তমানে বেশ কিছু বড় প্রজেক্ট রয়েছে। তাকে আগামীতে দেখা যাবে 'নাগজিলা' নামক একটি ফ্যান্টাসি সিনেমায়, যেখানে তিনি একজন রূপ পরিবর্তনকারী নাগের চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও অনুরাগ বসুর পরিচালনায় জনপ্রিয় 'আশিকি' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে অভিনয় করবেন তিনি, যার মাধ্যমে বলিউড অভিষেক হতে যাচ্ছে তেলেগু অভিনেত্রী শ্রীলীলার।
কার্তিক অভিনীত সর্বশেষ ছবি 'তু মেরি ম্যয় তেরা ম্যয় তেরা তু মেরি' গত বছরের শেষে মুক্তি পেয়েছিল।
সূত্রঃ এনডিটিভি

