নেপালের ওই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল আমাদের : অপু বিশ্বাস

নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা হাজারের কাছাকাছি। নেপালের এই ঘটনার সময় দেশটিতে ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মূলত একটি চলচ্চিত্রের শুটিংয়ে গিয়েছিলেন অভিনেত্রী। গতকাল শুটিং শিডিউল স্থগিত করে নিরাপদে ঢাকায় ফিরেছেন তিনি।
গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে নেপালের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানান অপু বিশ্বাস। অপু বিশ্বাস জানান, গত ২৬ আগস্ট নেপালে একটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে। ঘটনাটি ঘটেছিল কাঠমান্ডু থেকে প্রায় দুই থেকে তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায়। তবে কাকতালীয়ভাবে তাদের পরিকল্পনা ছিল ২৭ তারিখে সেই একই পথ দিয়ে যাওয়ার। যাত্রার তারিখ এক দিন পর হওয়ায় অলৌকিকভাবে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ‘শিকার’ সিনেমার শুটিং ইউনিট।
যে পথে দুর্ঘটনা ঘটেছে, সেই একই পথে যাওয়ার কথা ছিল অপু বিশ্বাসের চলচ্চিত্র ইউনিটের। অপু বললেন, ‘আমাদের যে রাস্তা দিয়ে কাঠমান্ডু ঢোকার কথা ছিল, ঠিক তার কাছাকাছি সময়েই এই দুর্ঘটনা ঘটে। এটি আল্লাহর অশেষ রহমত যে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ আমাদের মুভ করার কথা ছিল। তবে দুর্যোগটি এতটাই ভয়াবহ ছিল যে, ওই রাস্তাটি আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য যাতায়াত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।’
দুর্যোগের আকস্মিকতায় শুটিং বন্ধ করার সিদ্ধান্ত প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘এমন ভয়াবহ পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের মাঝে গানের শুটিং করা অত্যন্ত অমানবিক দেখায়। তাই আমি পুরো টিমের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নিই এবং সবাই নিরাপদে দেশে ফিরে আসি।’
তার ভাষ্য, ‘আপনারা হয়তো বা জানেন যে, এই যে দুর্যোগটা ঘটেছে গত ২৬ তারিখে, এটা বিগত ৯ মাস আগেই নাকি তাদের একটা বার্তা ছিল, কিন্তু সেটাকে হয়তো বা খুব একটা আমলে নেননি। এবং এই সপ্তাহের মধ্যেই কিন্তু আবার আরেকটা দুর্যোগের ঘটনা—এরকম আভাস তারা পাচ্ছেন।’
জানা গেছে, দুর্ঘটনাকবলিত এলাকায় প্রায় ২৭টি দেশের পর্যটক অবস্থান করছিলেন। বন্যা ও ভূমিধসের তীব্রতায় সেখানকার পরিস্থিতি সংকটময় হয়ে পড়ায় স্থানীয় প্রশাসন সবাইকে নিজ নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশনা দেয়।
অপু বিশ্বাস বলেন, ‘না, কষ্ট পাওয়ার কিছু নেই। আমার ভক্তরা কেন, আপনারা! আপনারাও যেভাবে আমাকে খোঁজ নিয়েছেন, আমার সেদিন মনে হয়েছে যে না, আমি সত্যিই কাজ করেছি এবং আপনাদের উদ্বেগটা দেখেছি। তাই আমি ভক্তসহ আপনাদের সাংবাদিক ভাই-বোনদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই।’








