সংবাদ পাঠিকা জীবনকে স্মরণ করলেন বুবলী

সংবাদ পাঠের সময় বুবলী
চিত্রনায়িকা বুবলী ছিলেন সংবাদ পাঠিকা। পরিচিত ছিলেন বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের সংবাদ পাঠিকা হিসেবে। ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা।
এরপর আসেন চলচ্চিত্রে। কিন্তু তার এই চলচ্চিত্রে আসাটা কীভাবে? নির্মাতা শামীম আহমেদ রনি চলচ্চিত্রের জন্য একজন অভিনেত্রী খুঁজছিলেন। তখন তার মনে হয়েছিল, সংবাদ পাঠিকা বুবলীকে নায়িকা হিসেবে নির্বাচন করা যায়।
এ বিষয়ে বুবলী সেসময় সংবাদমাধ্যমকে বলেছিলেন, “চলচ্চিত্রে কাজ করার কোনো চিন্তা মাথায় ছিল না। বেশ কয়েক মাস আগে পরিচালক শামীম আহমেদ রনি ভাই আমাকে শাকিব খান প্রযোজিত ‘প্রিয়ারে’ ছবির নায়িকা হওয়ার প্রস্তাব দেন। টিভিতে সংবাদ পাঠ করতে দেখার পরই পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেন।’
বুবলীর ভাষ্য, ‘‘নায়িকা হওয়ার বিষয়টি প্রথমে আমার পরিবার মানতে চায় না, কিন্তু পরে পরিবারের সঙ্গে কথা বলে সবাইকে রাজি করানো হয়। আমিও নতুন করে নিজেকে তৈরি করতে শুরু করি। কিন্তু হঠাৎ করেই ‘বসগিরি’ ছবি থেকে যখন অপুদি (অপু বিশ্বাস) এই ছবি থেকে সরে দাঁড়ান, তখন পরিচালক আমাকে কাজটি করার প্রস্তাব দেন। সব মিলিয়ে হঠাৎ করেই হয়ে গেছে।’’
এর পরই বুবলী একের পর এক চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তবে তার পেছনের সেই সময়টাকে আলোচিত এই নায়িকা ভোলেননি। তাই নিজের সামাজিকমাধ্যমে আজ সংবাদ পাঠিকা হিসেবে কাজ করার সময়ের কয়েকটি ছবি পোস্ট করেছেন। ভক্ত ও সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা এই ছবিতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।







