বড় চমক নিয়ে আসছে শাহরুখের ‘কিং’

‘কিং’ সিনেমার লুকে শাহরুখ খান
বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমা মানেই অন্যরকম আমেজ। সারা বছর দর্শকরা অপেক্ষা করে থাকে কিং খানের নতুন সিনেমার জন্য। তাইতো সময় যত ঘনিয়ে আসছে শারুখের আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ ততই যেন বেড়েই চলেছে। সিনেমাটি ঘিরে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য সামনে আনছে প্রযোজকরা।
সম্প্রতি সিনেমাটির সংগীত পরিচালক জুটি শচীন-জিগার এক সাক্ষাৎকারে এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, যা রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাদের মতে, ‘কিং’ সিনেমায় শাহরুখ খানকে এমন এক রুপে দেখা যাবে, যা আগে কখনো কল্পনাও করেনি দর্শকরা।
শচীন-জিগার জানান, এই সিনেমায় শাহরুখ খান তার উপস্থাপনায় আমূল পরিবর্তন এনেছেন। বিশেষ করে গানে তার লিপ-সিং বা ঠোঁট মেলানোর পদ্ধতিতে এক নতুন ধারা লক্ষ করা যাবে। শচীনের দাবি অনুযায়ী এই সিনেমার জন্য শাহরুখের লুক এবং চরিত্রে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে, যা দর্শকরা এর আগে কখনো দেখেনি।
সিনেমাটির মুক্তির দিনও ঘোষণা করা হয়েছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, চলতি বছরের ২৪ ডিসেম্বর বড়দিনে মুক্তি পাবে ‘কিং’। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার ঝলক, যেখানে ধূসর চুল ও তীব্র অ্যাকশন লুকে শাহরুখকে দেখা যাচ্ছে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় এ সিনেমায় শাহরুখকে দেখা যাবে এক অভিজ্ঞ আততায়ী হিসেবে, যিনি আন্ডারওয়ার্ল্ডের অন্ধকারজগতে কাজ করেন। আর এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো শাহরুখকন্যা সুহানা খান তার বাবার সঙ্গে অভিনয় করেছেন।
দীর্ঘ প্রতীক্ষিত এই সিনেমায় বলিউড বাদশাহর হাত ধরে নতুন কোনো ইতিহাস রচিত হতে যাচ্ছে কি না, তা দেখার অপেক্ষায় আছেন বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্ত।

