ভুল শুধরে ক্ষমা চাইতে বললেন বিশাল

অভিনেতা বিশাল
দক্ষিণী সিনেমার কিংবদন্তি এম জি রামচন্দ্রন কে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছেন তেলুগু অভিনেতা রাজেন্দ্র প্রসাদ। আর এই ঘটনায় তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কড়া জবাব দিলেন অভিনেতা বিশাল। বড়দের শ্রদ্ধা করা এবং পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে বিশাল সাফ জানিয়ে দিয়েছেন এই মন্তব্যের জন্য রাজেন্দ্র প্রসাদকে ক্ষমা চাইতেই হবে।
একটি অনুষ্ঠানে তেলুগু সিনেমার কিংবদন্তি কান্ত রাও এর স্মৃতিচারণা করছিলেন রাজেন্দ্র প্রসাদ। সেখানে তিনি কান্ত রাও এর শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে তামিল সুপারস্টার ও জননেতা এম জি আরকে নিয়ে কিছু নেতিবাচক মন্তব্য করেন। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং তামিল ভক্তদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বিশাল তার পোস্টে রাজেন্দ্র প্রসাদকে উদ্দেশ করে লেখেন, “প্রিয় স্যার, অত্যন্ত সম্মানের সাথে জানাচ্ছি যে, আপনার বক্তব্য আমাদের ব্যথিত করেছে। আপনি কান্ত রাও গারুর প্রশংসা করেছেন, তা অবশ্যই চমৎকার। কিন্তু তাই বলে আমাদের প্রিয় নেতা ও অভিনেতা এম জি আর আইয়াকে ছোট করাটা একদমই ঠিক হয়নি। তিনি আজও কোটি কোটি মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন।”
বিশাল আরও যোগ করেন যে, কোনো অভিনেতা যদি ভবিষ্যতে রাজেন্দ্র প্রসাদের মতো সিনিয়র কারো সম্পর্কে এমন কথা বলেন, তবে তিনি একইভাবে প্রতিবাদ করবেন। তাই পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখতে রাজেন্দ্র প্রসাদ যেন দ্রুত তার এই ভুল সংশোধন করে ক্ষমা চেয়ে নেন।
এখন দেখার বিষয়, বিশালের এই বার্তার পর রাজেন্দ্র প্রসাদ তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন কি না। দক্ষিণ ভারতীয় দুই ইন্ডাস্ট্রির এই টানাপড়েন এখন টক অব দ্য টাউন।
সূত্র : নিউজ ১৮

