ধর্ম বদলাতে রাজি ছিলেন প্রেমিকা, তবুও সম্পর্ক ভাঙেন বসির আলি

বসির আলি
প্রেমিকা ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করতে রাজি ছিলেন। তবু সেই সম্পর্ক থেকে সরে এসেছিলেন অভিনেতা ও রিয়েলিটি শো তারকা বসির আলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পুরোনো প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ জানিয়েছেন তিনি।
সাংবাদিক হিনা কুমাওয়াতকে দেওয়া এক সাক্ষাৎকারে বসির জানান, একসময় একজন অমুসলিম তরুণীর সঙ্গে তার সম্পর্ক ছিল। তাকে খুব পছন্দ করলেও একটা পর্যায়ে ধর্মীয় পার্থক্যের কারণে ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েন তিনি।
বসির জানান, সম্পর্কের ক্ষেত্রে ভবিষ্যৎ নিয়ে আগে থেকেই ভাবা উচিত। বিশেষ করে দুজনের ধর্ম আলাদা হলে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। কোনো সম্পর্কের ভবিষ্যৎ না থাকলে অযথা দুজনের সময় নষ্ট করা উচিত নয়।
নিজের সেই সম্পর্কের প্রসঙ্গে বসির জানান, তার সাবেক প্রেমিকা সম্পর্ক টিকিয়ে রাখতে ইসলাম গ্রহণ করতে প্রস্তুত ছিলেন। তবে বিষয়টি নিয়ে তিনিই তাকে নিজের পরিবার ও বাবা-মায়ের কথা ভাবতে বলেন।
বসির বলেন, তোমারও পরিবার আছে। তোমার মা-বাবা তোমাকে যেভাবে বড় করেছেন, সেটাও ভাবতে হবে।
তিনি জানান, শেষ পর্যন্ত প্রেমিকা সত্যিই ধর্ম পরিবর্তন করতে রাজি ছিলেন। কিন্তু এমন সিদ্ধান্তের সঙ্গে যে ধর্মীয় দায়িত্ব জড়িয়ে রয়েছে, সেটি নিয়েও ভাবেন বসির।
অভিনেতার দাবি, কেউ ইসলাম গ্রহণ করার পর সেই ধর্মের নিয়ম-কানুন বা ইবাদত যথাযথভাবে পালন না করলে তার দায় নিজের ওপর নেওয়ার বিষয়ে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না। বেসির বলেন, তিনি নিজেই তো একজন পরিপূর্ণ মানুষ নন যে অন্য কারও ধর্মীয় দায় নিজের ওপর নেবেন।
এই কারণেই শেষ পর্যন্ত সম্পর্কটি এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বসির জানান, তিনি তার সাবেক প্রেমিকাকে বলেছিলেন, আমি এই দায়িত্ব নিচ্ছি না, তাহলে থাক।
তবে সম্পর্ক ভেঙে গেলেও তাদের মধ্যে তিক্ততা তৈরি হয়নি বলে জানান বসির। এখন বিভিন্ন অনুষ্ঠান বা রেড কার্পেটে দেখা হলে তারা একে অপরের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
বসিরের মতে, সব সম্পর্কের পরিণতি বিয়ে বা দীর্ঘমেয়াদি সম্পর্কে গিয়ে ঠেকবে, এমনটা জরুরি নয়। অনেক সম্পর্ক মানুষের জীবনে কিছু শেখার অভিজ্ঞতাও হয়ে উঠতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়া এবং কারও জীবনকে অযথা ক্ষতিগ্রস্ত না করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।




