আগামীর সময়

বিতর্ক পেছনে ফেলে আবারও স্বমহিমায় ফিরেছেন টেইলর সুইফট

বিতর্ক পেছনে ফেলে আবারও স্বমহিমায় ফিরেছেন টেইলর সুইফট

সংগৃহীত ছবি

বিতর্কের রেশ কাটিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পপ সুপারস্টার টেইলর সুইফট। তাঁর দ্বাদশ স্টুডিও অ্যালবাম দ্য লাইফ অব আ শোগার্ল এর নতুন একক গান ওপালাইট এর মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে সম্প্রতি। নব্বই দশকের নস্টালজিয়া আর একঝাঁক তারকার উপস্থিতিতে ভিডিওটি ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ভিডিওটির রচনা ও পরিচালনা করেছেন স্বয়ং সুইফট। গত বছরের অক্টোবর মাসে যুক্তরাজ্যের জনপ্রিয় টক শো দ্য গ্রাহাম নর্টন শো তে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কিলিয়ান মারফি, ডমনাল গ্লিসন, গ্রেটা লি এবং লুইস ক্যাপালডি।

সুইফট জানান, শো চলাকালীন ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা ডমনাল গ্লিসন মজা করে তাঁর মিউজিক ভিডিওতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন। সেই রসিকতা থেকেই মাথায় আসে নতুন ভাবনা। পরে ইনস্টাগ্রামে সুইফট লেখেন, এটি যেন “বড়দের জন্য একটি স্কুল গ্রুপ প্রজেক্ট”। মজার বিষয়, ওই পর্বের সব অতিথি এমনকি উপস্থাপক গ্রাহাম নর্টন-ও ভিডিওতে অভিনয় করেছেন।

নব্বই দশকের প্রতি এক ধরনের প্রেমপত্র হিসেবেই নির্মিত হয়েছে ভিডিওটি। এতে দেখা যায় পেট রক, এমটিভি ধাঁচের ভিজ্যুয়াল, শপিং মলে ঘোরাঘুরি এবং সেই সময়ের জনপ্রিয় বিজ্ঞাপনের আদলে দৃশ্য বিন্যাস।

ভিডিওর গল্পে রয়েছে ‘ওপালাইট স্প্রে’ র জাদুকরি ধারণা, যার মাধ্যমে জড় বস্তু মানুষে রূপান্তরিত হতে পারে। সুইফট একটি পাথরকে নিজের প্রিয় বন্ধু হিসেবে সঙ্গে রাখেন। অন্যদিকে ডমনাল গ্লিসনের সঙ্গী একটি ক্যাকটাস, যা স্প্রে করার পর মানবী টেইলর সুইফটে রূপ নেয়।

এদিকে সুপার বোল এর ঠিক আগমুহূর্তে ভিডিওটি মুক্তি পাওয়ায় তা ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। সম্প্রতি ব্লেক লাইভলি কে ঘিরে একটি আইনি জটিলতায় পুরোনো টেক্সট বার্তার সূত্র ধরে সুইফটের নাম আলোচনায় এলেও, নতুন এই মিউজিক ভিডিও সেই নেতিবাচক আলোচনাকে অনেকটাই ছাপিয়ে গেছে।

সূত্র: সিএনএন

    শেয়ার করুন: