আগামীর সময়

ফের গাইলেন হিমি, ভালোবাসা দিবসে তৌসিফকে নিয়ে গানচিত্র

ফের গাইলেন হিমি, ভালোবাসা দিবসে তৌসিফকে নিয়ে গানচিত্র

হিমি ও তৌসিফ

চলছে ভালোবাসার মৌসুম। বাতাসে বসন্তের ঘ্রাণ, দিনটি উদযাপনের প্রাক্কালে শোবিজ অঙ্গনও নানা আয়োজন শুরু করে দিয়েছে। টেলিভিশনে যেমন থাকবে নাটক, গান ও নানা অনুষ্ঠান তেমনই টেলিভিশনের বাইরেও থাকবে নানা আয়োজন

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যেমন নির্মিত হয়েছে নাটক, তেমনই মুক্তি গান ও গানচিত্র। আসন্ন ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত হলো তৌসিফ মাহবুব ও জান্নাতুল সুমাইয়া হিমিকে নিয়ে একটি গানচিত্র।

'দুজন দুজনা'র শিরোনামের রোমান্টিক ঘরানায় নির্মিত এই গানচিত্রের আবহে থাকছে ভালোবাসার নানা মুহূর্ত। মজার ব্যাপার হলো এই গানচিত্রের গানটি গেয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ের বাইরে হিমির গানের গলার সঙ্গেও পরিচিত হতে যাচ্ছে ভক্তরা। যদিও এটি হিমির তৃতীয় গান। এই গানে হিমির সঙ্গে গেয়েছেন রাফি। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

এ বিষয়ে হিমি আগামীর সময়কে বলেন, এটা আমার প্রথম গান নয়। এর আগে আমি দুটি গান গেয়েছি। একটি গেয়েছি ম্যাগাজিন অনুষথানের জন্য। আরেকটি গেয়েছিলাম আমার নাটকের জন্য। যেহেতু গান শিখেছি তাই চর্চাটা চালিয়ে যাচ্ছি। একটা সময় হয়তো অভিনয় করবো না, তখন হয়তো আমার নিয়মিত সঙ্গী হবে গান।

আজ সন্ধ্যায় এই গানচিত্রটি প্রকাশ পাবে। রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    শেয়ার করুন: