গায়ে হাত তুলবেন কেন? পুলিশকে শবনম ফারিয়া

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনকে পুলিশ মারধর করেছে। এছাড়াও দুই মাল্টিমিডিয়া সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের মারধর করারও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এছাড়াও কিশোর তরুণদের অযাচিতভাবে পিটিয়েছে পুলিশ।
এরইমধ্যে পুলিশের এই হামলার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করেছে ঢাবি শিক্ষার্থীরা। পুলিশের হামলার প্রতিবাদে সবশ্রেণীর মানুষ ক্ষোভ প্রকাশ করছেন, জানাচ্ছেন প্রতিক্রিয়া।
তারকারাও এই প্রতিক্রিয়ায় শামিল হচ্ছেন। অভিনেত্রী শবনম ফারিয়া ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘দেশের আইনশৃঙ্খলার যে অবস্থা, অবশ্যই সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, এইটা আপনাদের কাজ কিন্তু গায়ে হাত তুলবেন কেন ? এইযে হুদাই ক্ষমতার অপব্যবহার করেন বলে আপনাদের উপর মানুষের বিশ্বাস কিংবা সম্মান নষ্ট হয়ে যায়!’
‘দেবী’ খ্যাত জনপ্রিয় এই অভিনেত্রীর ভাষ্য, ‘আমরা আপনাদের সম্মান করতে চাই, বিশ্বাস করতে চাই আপনারা সত্যিই আমাদের সেবায় নিয়োজিত । আমরা চাই আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন । কিন্তু দেশের নাগরিকদের নিরাপত্তা দেয়ার পাশাপাশি সম্মানও করতে হবে।’

