আজ থেকে বন্ধ দেশের সব স্কুল-কলেজ ও মাদরাসা

প্রতীকী ছবি
পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে দেশের সব স্কুলে ছুটি শুরু হচ্ছে। এর আগে গতকাল থেকে মাদ্রাসা ও কলেজে ছুটি কার্যকর হয়। এবার মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে সরকার।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দুটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে দেখা গেছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর, জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদ-উল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে আজ ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এদিকে ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ার বিদ্যালয়ে ক্লাস শুরু হবে দুইদিন পর অর্থাৎ ২৯ মার্চ রবিবার। একই কথা বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে।
এদিকে গত ১৯ জানুয়ারি প্রকাশিত কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে মাদরাসা। এসব প্রতিষ্ঠানেও ক্লাস শুরু হবে আগামী ২৯ মার্চ।

